সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৪৩ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জিতলেও সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল টাইগারদের। চতুর্থ ম্যাচ জিততে পারলে সিরিজ নিজেদের করে নেবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৭ রান তোলে। জবাবে নেমে ৩৮.২ ওভারে ১৯৪ রানে থামে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করা আফগান যুবাদের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন সুবহান জাখাইল। তার ৯৫ বলের ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার শাহ ফায়সাল রিহিমি। এছাড়া ২৪ রান আসে সোহাইল খানের ব্যাট থেকে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬টি উইকেট নেন আল আমিন হোসেন। একটি করে উইকেট নেন মেহরাব হাসান জিসান এবং আল রাফি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি যুবাদের। খালি হাতে ফেরেন জারিফ সিয়াম। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৬৪ রান করেন কাওসার আহমেদ। ৬১ রান করেন আব্দুল্লাহ আল মুহি এবং ২৪ রান আসে আল আমিন হোসেনের ব্যাট থেকে।
আফগান বোলারদের মধ্যে ইমরান মোহাম্মাদি সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া সোহাইল খান ও লুৎফুল্লাহ মোহাম্মাদি দুটি করে উইকেট নেন।




