বিবর্ণ ব্যাটিংয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের, ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। দুই ম্যাচের কোনোটিতেও দুইশর কাছাকাছি যেতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর কঠিন সমীকরণ সামনে রেখেই নেমেছিল আফগানিস্তানের বিপক্ষে। তবে ব্যাটিং ধসে বাংলাদেশ থেমেছিল দেড়শ পেরিয়ে। তাতে সহজেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। সেইসঙ্গে নিজেদের পাশাপাশি জিম্বাবুয়ের ফাইনাল নিশ্চিত করেছে তারা।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪১.২ ওভারে ১৬০ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স। জবাবে নেমে ৮৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান।
রানতাড়ায় নেমে আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন রহমত শাহ। ৯০ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংসে ছিল ৫টি চারের মার। ৫৪ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন হাশমতউল্লাহ শাহিদী। এছাড়া ৪৮ বলে ৩৪ রান করেন ইব্রাহিম জাদরান।
বাংলাদেশের হয়ে তাসকিন ২ এবং মোস্তাফিজ ১ উইকেট নেন।
এর আগে ব্যাটে নেমে বাংলাদেশের কেবল ৩ ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিল। সর্বোচ্চ রান আসে পারভেজ ইমনের ব্যাট থেকে। ৫ চার ও ২ ছক্কায় ৯৬ বলে ৭০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সাইফ হাসান। ২ চার ও ১ ছক্কায় ৮২ বলে ৪১ রান করেন। এছাড়া ২৩ বলে ১৫ রান করেন নাজমুল হোসেন শান্ত।
বাকিদের মধ্যে শরিফুল ৭ রান করেন। ২ রান করে করেন তাসকিন ও মেহেদী হাসান মিরাজ। তানজিদ তামিম ১ রান করেন। খালি হাতে ফেরেন সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগান বোলারদের মধ্যে রশিদ খান ৪ উইকেট নেন। আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমেদজাই নেন ২টি করে উইকেট। এছাড়া বিলাল সামি ও মোহাম্মদ নবী নেন একটি করে উইকেট।




