রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের সমান বেতন চান ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। গণমাধ্যমে এমন সংবাদ হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে ক্লাবটি। ভিনিসিয়াসকে এমবাপের সমান বেতন দিতে পারবে না স্প্যানিশ ক্লাবটি। রিয়ালের সঙ্গে ভিনিসিয়াসের ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে। চুক্তি অনুযায়ী রিয়াল মাদ্রিদ তাকে বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো বেতন দেয়।
ফ্রান্সের তারকা এমবাপেকে লস ব্লাঙ্কোসরা ২৩ মিলিয়ন ইউরো বাৎসরিক বেতন দেন। মূল বেতন ১৫ মিলিয়নের সাথে চুক্তির বোনাস অনুযায়ী আরও ৮ মিলিয়ন যোগ হয়েছে। এমবাপের সাথে রিয়ালের চুক্তি হয়েছে ২০২৯ সাল পর্যন্ত।
গণমাধ্যমের খবর, রিয়াল এমবাপের সমপরিমাণ বেতন দেবে না ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে।
রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বিকল্প খুজবেন, যদি ভিনিসিয়াস বার্নাব্যু থেকে চলে যেতে চায়। রিয়ালের প্রথম পছন্দ ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান গোলমেশিন রিয়ালে এসে জোড়াবন্দি হতে পারেন কাইলিয়ান এমবাপের সাথে।
২৫ বর্ষী ভিনিসিয়াসকে ২০২৩ সাল থেকে সৌদির ক্লাবগুলো নিতে চাচ্ছে। তাকে পাঁচ মৌসুমের জন্য নিতে ১ বিলিয়ন ইউরো খরচ করতেও রাজি হয়েছিলো তখন। সৌদি প্রো লিগ থেকে চড়া পারিশ্রমিকের সুযোগ থাকতেও রিয়ালের সাথে পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চালাবেন ভিনিসিয়াস।
ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গো থেকে ভিনিসিয়াস ১৮ বছর বয়সে ২০১৮ সালে পাড়ি জমান। রিয়ালের হয়ে জেতেন ২টি চ্যম্পিয়ন্স লিগ ও ৩ টি লিগ শিরোপা। লেফট উইঙ্গার ভিনিসিয়াস লস ব্লাঙ্কোস এর হয়ে ২৮৪ ম্যাচ খেলে করেছেন ৮৬ গোল। সাথে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭৩ গোল।








