কনসার্ট মাতাতে ঢাকায় পপ তারকা ওটিলিয়া

২০২২ সালের পর আবারও ঢাকায় এসেছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। দেশের ইভেন্ট অর্গানাইজার ইমেকার্স বাংলাদেশের আয়োজনে শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্ট।
ওটিলিয়া তার অফিশিয়াল ফেসবুকে ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর একটি ছবি পোস্ট করে ওটিলিয়া জানান, তোমার শহর ঢাকায় নিরাপদে পৌঁছেছি এবং আমার দুর্দান্ত সব ভক্ত অনুরাগীদের দেখতে আর তর সইছে না।
‘বিলিওনেরা’ গান দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া। গানটি প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। দীর্ঘ সময় পর ঢাকায় তার প্রত্যাবর্তন তাই ভক্তদের জন্য আলাদা আকর্ষণ তৈরি করেছে।
আয়োজকদের আশা, ওটিলিয়ার জনপ্রিয়তা এবং ‘বিলিওনেরা’র ব্যাপক পরিচিতিকে ঘিরে কনসার্টটি দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক মিউজিক ইভেন্ট হয়ে উঠবে।
ঢাকার ভাটারা থানায় অবস্থিত কোর্টসাইড মাদানি এভিনিউতে হবে কনসার্টের এই আয়োজন। ১৫০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে টিকিফাইতে বিক্রি হচ্ছে টিকেট।





