বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ নয়, তাদের সম্মান করাই ইসলামের শিক্ষা

বাবা-মা আমাদের পৃথিবীতে আসার মাধ্যম। তাদের ত্যাগ, কষ্ট, ভালোবাসা ও পরিশ্রমের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। অথচ অনেক সময় আমরা তাদের সঙ্গে রাগ করে কথা বলি, বিরক্তি প্রকাশ করি, তাদের মতামতকে গুরুত্ব দিই না। কখনো এমন কথাও বলে ফেলি, যা তাদের মনে গভীর কষ্ট দেয়।
ইসলাম বাবা-মায়ের সঙ্গে এমন আচরণকে কঠোরভাবে নিষেধ করেছে।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন:
“তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং বাবা-মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। তাদের একজন বা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের ‘উফ’ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিও না। তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো।”
— সুরা আল-ইসরা, আয়াত ২৩
এর পরের আয়াতে আল্লাহ আরও বলেন, তাদের প্রতি ভালোবাসা ও বিনয়ের সঙ্গে নিজের মমতার ডানা নত করে দিতে এবং তাদের জন্য দোয়া করতে।
রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তিনি উত্তরে বলেন, সময়মতো নামাজ আদায় করা, এরপর বাবা-মায়ের সঙ্গে সদ্ব্যবহার করা।
— সহিহ বুখারি ও সহিহ মুসলিম
তাই বাবা-মায়ের সঙ্গে কথা বলার সময় কণ্ঠস্বর নিচু রাখুন। তাদের কথা মন দিয়ে শুনুন। তাদের প্রয়োজন ও অনুভূতির মূল্য দিন। বয়সের ভারে তারা একই কথা বারবার বললেও বিরক্ত হবেন না। তাদের ভুল থাকলেও অপমান নয়, সম্মানের সঙ্গে বুঝিয়ে বলুন।
মনে রাখবেন, বাবা-মা সবসময় আমাদের পাশে থাকবেন না। একদিন হয়তো তাদের সঙ্গে কথা বলার সুযোগটুকুও আর থাকবে না। তখন আফসোস করে লাভ হবে না।
যাদের বাবা-মা বেচে আছেন, তাদের ভালোবাসুন, সময় দিন, সম্মান করুন। আর যাদের বাবা-মা পৃথিবীতে নেই, তাদের জন্য দোয়া করুন।
একটি কথা বিশেষভাবে মনে রাখা জরুরি: বাবা-মায়ের সঙ্গে সদ্ব্যবহার করা ইসলামের নির্দেশ, তবে তারা অন্যায় বা গুনাহের নির্দেশ দিলে তা মানা যাবে না। তারপরও তাদের সঙ্গে সম্মানজনক আচরণ বজায় রাখতে হবে। (সুরা লুকমান, আয়াত ১৫)।






