দেখতে দেখতেই পার হয়ে গেল ৬টি বছর। ৬ বছর আগে ঠিক এই দিনেই বহু তরুণ এবং তরুণীর হৃদয় ভেঙে চার হাত এক হয়েছিল বলিউডের হার্টথ্রব রণবীর এবং ড্রিমগার্লন দীপিকা পাডুকোনের। আর বিবাহবার্ষিকীর সকাল সকালই সামাজিক মাধ্যমে রণবীর ভাগ করে নিলেন একটি দু’টি নয়, একেবারে ১৫টি ছবি। যদিও কোথাও তিনি নেই। রয়েছেন শুধুই দীপিকা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালেই রণবীর তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন ১৪টি ছবি এবং একটি ভিডিও। এই সিরিজের প্রথমটিই একটি ছোট ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হাসিতে ফেটে পড়ছেন দীপিকা। হাসতে হাসতে চোখে জল চলে আসছে তার, মুখে নিচ্ছেন তোয়ালে। লাল হয়ে যাচ্ছে গাল। আবার হাসছেন।
রণবীর এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি গান, ‘হাসতি র্যাহে তু হাসতি র্যাহে, হায়া কি লালি খিলতি র্যাহে…’, সোনু নিগমের কণ্ঠে। বোঝাই যাচ্ছে স্ত্রীর এই হাসিটাই তিনি দেখতে চান। পোস্টে রণবীর দীপিকাকে ট্যাগ করে লিখেছেন, “প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন, শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালবাসি।”
২০১৮ সালে ইতালির লেক কোমোতে গিয়ে জমকালো অনুষ্ঠান করে বিয়ে করেছিলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং।পাঁচ পেরিয়ে ছয়ে পা দিল তাঁদের বিয়ের বয়স। এ বছরের বিবাহবার্ষিকী একটু বিশেষ। কারণ, গত সেপ্টেম্বরে ঘরে এসেছে প্রথম সন্তান দুয়া।
২০১৩ সালের সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। এরপর ২০১৫ সালে তাদের দেখা যায় বানসালির আরেক সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে। এরপর তাদের বিয়ে। সেই বিয়েও পেরিয়ে গেল পাঁচটি বছর। রণবীরের পোস্টে অনুসরণকারীরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে, ভরিয়ে দিয়েছেন প্রশংসায়ও। – টাইমস অব ইন্ডিয়া







