গ্র্যামির মঞ্চে ‘ধুরন্ধর’-এর গান, উচ্ছ্বসিত অরিজিৎ সিং

বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙার পর এবার আন্তর্জাতিক সংগীতের মঞ্চে নজর কাড়ার পালা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর। রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত এই ছবির গান জমা পড়েছে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের একাধিক বিভাগে।
টি-সিরিজ এবং বি৬২ স্টুডিওজের তরফে এই খবর জানানো হয়েছে।
সংগীত পরিচালক শাশ্বত সচদেবের তৈরি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পুরো অ্যালবাম জমা পড়েছে ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে। পাশাপাশি, অ্যালবামের একাধিক গান আলাদা বিভাগে বিবেচনার জন্য পাঠানো হয়েছে মোট ৯টি গান। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ফির সে’ জমা পড়েছে ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে।
খবরটি শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার ‘ফির সে’ গানটি গ্র্যামির ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।
গ্র্যামির দৌড়ে নাম লেখানোর আগে থেকেই বাণিজ্যিক সাফল্যের নিরিখে আলোচনায় ‘ধুরন্ধর’ সিরিজ। ২০২৫ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি ‘ধুরন্ধর’। তারপর ২০২৬ সালের মার্চে মুক্তি পায় দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
বাণিজ্য বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিকের রিপোর্ট অনুযায়ী, দুটি ছবি মিলিয়ে বিশ্বজুড়ে আয় হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। এই আয় ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ সিরিজের সম্মিলিত আয়ের চেয়েও বেশি বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
তবে গান জমা পড়া মানেই চূড়ান্ত মনোনয়ন বা পুরস্কার নিশ্চিত নয়। এখন দেখার বিষয়, গ্র্যামির মঞ্চে শেষ পর্যন্ত কতটা এগোতে পারে এই ছবির সংগীত।






