অমিত শাহের সাথে যে কারণে রণবীর-সাই পল্লবী

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এর পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীরা। দিল্লিতে অনুষ্ঠিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, সাই পল্লবী, পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা ও সহপ্রযোজক নিরাজ সাংহাই। বিশ্বজুড়ে সিনেমাটির বক্স অফিস আয় ২ হাজার কোটি রুপির কাছাকাছি পৌঁছানোর সময় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
অমিত শাহ সিনেমাটির সাফল্যে নির্মাতা ও অভিনয়শিল্পীদের অভিনন্দন জানান। পাশাপাশি বড় পরিসরে ভারতের অন্যতম জনপ্রিয় মহাকাব্যকে পর্দায় তুলে ধরার উদ্যোগের প্রশংসা করেন তিনি।
সাক্ষাতে রামায়ণের ইতিহাস, সাংস্কৃতিক গুরুত্ব ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মহাকাব্যটি সম্পর্কে অমিত শাহের জানাশোনা দেখে বিস্মিত হন সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীরা। তাদের কাছে তার এই আগ্রহ ও প্রশংসা ছিল বিশেষ স্বীকৃতির মতো।
সাক্ষাতে সিনেমাটির প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নীতেশ তিওয়ারি, অভিনেতা রণবীর কাপুর ও সাই পল্লবী ছাড়াও উপস্থিত ছিলেন সহপ্রযোজক নিরাজ সাংহাই। নমিত মালহোত্রা অভিনেতা যশের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ এবং লক্ষ্মণের ভূমিকায় দেখা যাচ্ছে রবি দুবেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান ও হ্যান্স জিমার।
গত ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় ‘রামায়ণ: পার্ট ওয়ান’। মুক্তির পর থেকেই ভারতসহ আন্তর্জাতিক বাজারে দর্শকদের ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে এটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বব্যাপী আয় ২ হাজার কোটি রুপি ছাড়ানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সিনেমাটি।
সিনেমাটির বিশাল নির্মাণশৈলী, দৃশ্যায়ন, আবেগঘন গল্প ও সংগীত দর্শকদের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। ২০২৭ সালের অস্কারের সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে প্রাথমিকভাবে নির্বাচিত ২০টি সিনেমার তালিকাতেও জায়গা করে নিয়েছে ‘রামায়ণ’।
ভারতীয় মহাকাব্যকে আন্তর্জাতিক দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্মিত এই সিনেমার সাফল্যে তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নির্মাতা ও অভিনয়শিল্পীরা। দ্য স্টেটসম্যান






