নারী শিক্ষার্থীদের কর্মসংস্থানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান

উচ্চশিক্ষা শেষে নারী শিক্ষার্থীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী।
উইমেন স্কলার্স নেটওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তাবে নারীর কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ তৈরির বাস্তব পরিকল্পনা রাখার ওপর তিনি গুরুত্ব দেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে উইমেন স্কলার্স নেটওয়ার্ক (ডব্লিউএসএন) গঠনে প্রস্তাব আহ্বানবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। এতে দেশের ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মনোনীত নারী শিক্ষক এবং ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনা পারভীন বলেন, নারী শিক্ষার্থীদের চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও পেশাগত যোগাযোগ গড়ে তুলতে এ নেটওয়ার্ককে ভূমিকা রাখতে হবে। তিনি নারীর আর্থিক স্বাধীনতার ওপর গুরুত্ব দেন এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার আলোচনায় পুরুষ সহকর্মীদেরও সম্পৃক্ত করার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে হিট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ও ডব্লিউএসএন উইংয়ের প্রধান প্রফেসর ড. নাজমিন আফরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, প্রকাশনা, নেতৃত্ব ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলা হবে। প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় প্রস্তাব মূল্যায়ন করে একটি নেটওয়ার্ক হাব ও ২০টি নেটওয়ার্ক নোড নির্বাচন করা হবে। হাবের জন্য সর্বোচ্চ ৪ কোটি টাকা এবং প্রতিটি নোডের জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা অনুদানের সুযোগ রয়েছে।
হিট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রফেসর মো. আসাদুজ্জামান বলেন, নারী শিক্ষকদের নেতৃত্ব, দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ বাড়লে এ উদ্যোগ দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হিট প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির (ইউটিটিএ) ডিন প্রফেসর ড. লায়লা নূর ইসলাম ও চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ. কে. এম. মুখলেছুর রহমান এবং বিশ্বব্যাংকের সিনিয়র কনসালটেন্ট ড. মাহমুদ-উল-হক।
প্রস্তাব প্রণয়ন, জমাদান, মূল্যায়নের মানদণ্ড, ক্রয়প্রক্রিয়া, বাজেট এবং পরিবেশগত ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, হিট প্রকল্পের ক্রয় কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান, প্রোগ্রাম কর্মকর্তা পারভীন আক্তার, হিসাব কর্মকর্তা আকরামুল হাসান, পরিবেশগত ও সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ সৈয়দ নাজমুল হুসাইন এবং আইটি ইঞ্জিনিয়ার (সফটওয়্যার) মো: সাজিদুর রহমান।
তিনটি কার্য অধিবেশনে নেটওয়ার্ক হাব ও নোডের পৃথক দায়িত্ব এবং প্রস্তাব দাখিলের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা দলীয় অনুশীলনে প্রস্তাব তৈরি, প্রয়োজনীয় নথি সংযুক্ত করা এবং অনলাইনে প্রস্তাব দাখিলের ধাপগুলো অনুশীলন করেন। কর্মশালায় প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনাও হয়।






