আন্তর্জাতিক

বিশ্ব বাণিজ্যে চীনের আধিপত্য ভাঙতে ট্রাম্পের নতুন শুল্ক কৌশল

বিশ্ব বাণিজ্যে চীনের আধিপত্য ভাঙতে ট্রাম্পের নতুন শুল্ক কৌশল

ছবি: সংগৃহীত

বিশ্ব বাণিজ্যে চীনের আধিপত্য কমাতে নতুন করে শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে বিশ্বের উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত চীনের প্রভাব কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা পুনর্গঠন করতে চাইছে ওয়াশিংটন। তবে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুসারে, নতুন শুল্ক চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্য সমঝোতার সীমার মধ্যে থাকলেও ভবিষ্যতে আরও শুল্ক বাড়ানোর সুযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। আগামী মাসে মায়ামিতে দুই দেশের নেতাদের চলতি বছরের চতুর্থ বৈঠক এবং ১০ জানুয়ারি বাণিজ্য সমঝোতার মেয়াদ শেষ হওয়ার আগে ওয়াশিংটনের এ পদক্ষেপ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামস বলেন, নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হলে সর্বশেষ পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রকে বাড়তি সুবিধা দেবে।

তিনি আরও বলেন, অন্যান্য দেশকে বাণিজ্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে এবং চীনের ওপর নির্ভরতা কমাতে অর্থনৈতিক চাপ প্রয়োগের যে কৌশল ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদের শুরুতে নিয়েছিল, সাম্প্রতিক পদক্ষেপে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।

ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে। এর পাশাপাশি ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে। বিদ্যমান বাণিজ্য সমঝোতা ভেঙে গেলে দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের হার ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

নতুন শুল্কের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যায্য শিল্পচর্চার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে পাল্টা ব্যবস্থা নেওয়ার কোনো হুমকি দেয়নি বেইজিং।

বিশ্বের বিভিন্ন দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা ও অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে আট মাসের তদন্তের পর নতুন এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের ওপরও একই ধরনের চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন।

তবে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য চীন। টানা দ্বিতীয় বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। চীনা পণ্যের আমদানি ও বিনিয়োগ নিয়ন্ত্রণে বাণিজ্য অংশীদারদের পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ারও সমালোচনা করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের ভিয়েতনামবিষয়ক প্রতিবেদনে চীনের নাম ২৫০ বারের বেশি এবং ইউরোপীয় ইউনিয়নবিষয়ক প্রতিবেদনে ৩০০ বারের বেশি উল্লেখ করা হয়েছে।

আবারও কি শুরু হবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ?

২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করার পর দ্বিতীয়বারের মতো বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রথম দফায় প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক বাড়ানো হলেও একমাত্র চীনই জোরালো পাল্টা ব্যবস্থা নিয়েছিল। একপর্যায়ে দুই দেশের পাল্টাপাল্টি শুল্কের হার তিন অঙ্কে পৌঁছায়।

বিরল মৃত্তিকা উপাদান পরিশোধনে নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে চীন। এর মাধ্যমে গাড়ি উৎপাদন থেকে প্রতিরক্ষা শিল্প পর্যন্ত বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলোকে অচল করে দেওয়ার সক্ষমতা দেখায় বেইজিং।

পরবর্তী সময়ে দুই দেশের নেতাদের একাধিক বৈঠকে সম্পর্ক কিছুটা স্থিতিশীল হয়। চলতি মাসে ট্রাম্পের চীন সফরে প্রচলিত রীতি ভেঙে বিমানবন্দরে তাকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এই উষ্ণ অভ্যর্থনা ইঙ্গিত দিচ্ছে, ২০২৫ সালের মতো তীব্র বাণিজ্য সংঘাতের আশঙ্কা আপাতত কম।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিরল মৃত্তিকা উপাদান রপ্তানির ওপর আরোপিত বিধিনিষেধ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেইজিং। পাশাপাশি চায়না সাউদার্ন এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান শিয়ামেন এয়ারলাইনস বোয়িংয়ের ৫০টি ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে। এসব পদক্ষেপ দুই দেশের বাণিজ্য সমঝোতা বহাল থাকার ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, আরও শুল্ক বাড়ানোর সুযোগ যুক্তরাষ্ট্রকে দর-কষাকষিতে বাড়তি সুবিধা দিলেও এর মূল্যস্ফীতিজনিত প্রভাব নিয়ে সতর্ক থাকতে হবে ওয়াশিংটনকে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ভোটারদের অসন্তোষের কারণে চলতি মাসের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক চেন বো বলেন, ‘চীন নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না। সম্ভবত যুক্তরাষ্ট্রও তা চায় না। উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।’

অন্যান্য দেশের সঙ্গেও বাড়তে পারে চীনের বাণিজ্যিক উত্তেজনা

ওয়াশিংটন চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ালে বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমে আসে। বিপরীতে চীনের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ঘাটতি বাড়তে থাকে। সর্বশেষ পদক্ষেপে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক কার্যত প্রায় সাড়ে সাত শতাংশীয় পয়েন্ট বাড়ছে।

বৈশ্বিক চাহিদা বৃদ্ধির তুলনায় পণ্য সরবরাহে চীনের অবদান বেশি হওয়ায় নিজস্ব শিল্প ও কর্মসংস্থান রক্ষায় বিভিন্ন দেশের সরকারের ওপর চাপ বাড়ছে।

সমালোচকদের মতে, চীনের দুর্বল অভ্যন্তরীণ ভোগব্যয় ও ক্রমবর্ধমান রপ্তানিনির্ভরতার কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

ম্যাককুয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শভেতস বলেন, যুক্তরাষ্ট্রের অসংগতিপূর্ণ বাণিজ্যনীতির চেয়েও চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থতা ভবিষ্যতে বাণিজ্যিক উত্তেজনার বড় কারণ হয়ে উঠবে।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন চীনের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্যহীনতার সবচেয়ে বেশি চাপ মোকাবিলা করছে। ভবিষ্যতে অন্যান্য দেশও একই পরিস্থিতির মুখোমুখি হবে বলে মনে করেন তিনি। এর ফলে বিশ্বজুড়ে শুল্ক ও অশুল্ক বাণিজ্য বাধা আরও বাড়তে পারে।

ইউরোপীয় ইউনিয়ন চলতি বছর চীন থেকে আমদানি করা কিছু গাড়ির ক্ষেত্রে কোটা নির্ধারণে বেইজিংকে সম্মত করেছে। পাশাপাশি আরও বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে জোটটি।

সাংহাইভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ানের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই সমঝোতা প্রমাণ করে, সব দেশের সঙ্গে একই সময়ে আগ্রাসী বাণিজ্যনীতি বজায় রাখা চীনের পক্ষে সম্ভব নয়। ভবিষ্যতে এ ধরনের আরও সমঝোতার প্রয়োজন হবে।

তিনি বলেন, বাণিজ্যের ক্ষেত্রে চীন সব সময় নিজের শর্ত প্রতিষ্ঠা করতে পারেনি। বাণিজ্য অংশীদারদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ভবিষ্যতেও বেইজিংকে ছাড় দিতে হবে।

বিষয়:ট্রাম্প প্রশাসন বিশ্ব বাণিজ্যে বেইজিং শুল্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…