গেল বছর ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’র জন্য অস্কার জিতে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন দক্ষিণী ছবির সুপারস্টার রামচরণ। যদিও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি অনেক আগেই থেকেই জনপ্রিয় ছিলেন। সেই সুপারস্টাকেই এবার দেখা গেল দোসা বানাতে!
যেই ভিডিও নেটদুনিয়াতে ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে তোলপাড় শুরু হয়ে গেল। সুপারস্টার কিনা দোসা বানাচ্ছেন! ভক্তরা তা ভাবতেই পারছেন না। রামচরণের দোসা তৈরির ভিডিও যেন এখন ‘টক অব দ্য ইন্ডিয়া’।
টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, রামচরণের এই ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী উপাসনা। মূলত পরিবারের সঙ্গে মকর সংক্রান্তি উদযাপনে ব্যস্ত দক্ষিণী তারকা। পারিবারিক মধ্যাহ্নভোজে তাই এলাহি আয়োজন। বিরিয়ানি, মাংস, ধোসা—কী নেই! রামচরণের পাশে তার বাবা অভিনেতা চিরঞ্জীবীকেও দেখা গেছে।
ওই পোস্টে রামচরণকে চমৎকারভাবে দোসা তৈরির প্রশিক্ষণ দেওয়ার জন্য শাশুড়ি সুরেখাকে ধন্যবাদও জানিয়েছেন উপাসনা। পাশাপাশি তার শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা যায়, সুপারস্টার অভিনেতার মা সুরেখাও দোসা বানাচ্ছেন। একই ভিডিওতে মিলেছে রামচরণ-উপাসনা দম্পতির ছোট্ট রাজকন্যা ক্লিন কারা কোনিডেলার একঝলকও।
এদিকে রামচরণ তার আসন্ন ছবি ‘গেইম চেঞ্জার’ মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এতে তিনি বলিউডের কিয়ারা আদবানির সঙ্গে জুটি বেঁধেছেন। আগামী সেপ্টেম্বরে এস শঙ্কর পরিচালিত এই ছবি মুক্তির কথা রয়েছে।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল








