শিক্ষার্থী ভিসায় চার পরিবর্তন আনল নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত
ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নিয়ম অনুযায়ী, মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়ে পূর্ণকালীন কাজের সুযোগ থাকবে। আগে এ ধরনের শিক্ষার্থীদের কাজের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না।
ভিসার শর্ত পূরণের ক্ষেত্রেও ইংরেজি ভাষার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীরা ভিসার নিয়ম ও শর্তগুলো ঠিকভাবে মেনে চলতে পারবেন কি না, তা যাচাইয়ের ক্ষেত্রে তাদের ইংরেজি ভাষার দক্ষতা বিবেচনা করবে অভিবাসন কর্তৃপক্ষ।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত বা নিষ্পত্তি চললে শিক্ষার্থীর ভিসার আবেদন সাময়িকভাবে স্থগিত রাখতে পারবে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। আগে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আবেদন স্থগিতের সুযোগ থাকলেও নতুন নিয়মে এর পরিধি বাড়ানো হয়েছে।
নতুন নিয়মে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অতিরিক্ত সময় এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার নিয়মে কোনো পরিবর্তন আসেনি।
আগের নিয়মে শিক্ষার্থীদের পড়াশোনার ধরন ও মেয়াদ অনুযায়ী ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। নতুন নিয়মে যাদের ক্ষেত্রে এ পরিবর্তন প্রযোজ্য হবে, তারা কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত দুই মাস সময় পাবেন।
নতুন পরিবর্তনের ফলে নিউজিল্যান্ডে পড়তে যেতে আগ্রহী এবং বর্তমানে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার শর্ত, কাজের অনুমতি ও মেয়াদ সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীদের কাজের পরিকল্পনা করার সময় নতুন সময়সীমা বিবেচনায় নিতে হবে।






