আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও রেলপথে আমদানিকৃত পণ্য খালাসের দাবিতে দিনাজপুরের হিলিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও সাধারণ জনতা। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা উত্তরবঙ্গের সাথে বন্ধ হয়ে যায় সারা দেশে ট্রেন চলাচল। এতে তীব্র গরমে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় হিলি রেলওয়ে স্টেশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেন থামিয়ে অবরোধ করেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনতা। পরে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটিও স্টেশনে অবরোধের মুখে পড়ে। এতে তীব্র তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা।
খবর পেয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও রেলওয়ে শান্তাহার জংশনের ট্রাফিক ইনস্পেকটর হাবিবুর রহমান। পরে আগামী ২০ দিনের মধ্যে যাত্রাবিরতি দেওয়া হবে এমন আশ্বাসে অবরোধ তুলে নেয় শত শত শিক্ষার্থী ও স্থানীয় জনতা।
এই রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে ঢাকা-পঞ্চগড়-রংপুর-চিলাহাটিগামী প্রায় ১৪ জোড়া ট্রেন চলাচল করে থাকে।








