হাজার কোটি টাকা নিয়ে ধুন্ধুমার লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকেই। বয়ে যায় রক্তের বন্যা। কিন্তু এতকিছুর পরেও কি আদৌ সেই টাকা কারও হাতে আসে?
উত্তর জানা যাবে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি-তে। টান টান উত্তেজনায় ভরা গল্পে এই ওয়েব সিরিজটি বানাতে যাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। সিনেমা নির্মাণ করে মুন্সিয়ানা দেখানো রাফীর এটি হতে যাচ্ছে প্রথম ওয়েব সিরিজ।
দুদিন আগে এর সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, গল্প এতটাই থ্রিল যে ‘ব্ল্যাক মানি’ একবার দেখা শুরু করলে শেষ না পর্যন্ত কেউ উঠতে পারবে না।
সোমবার (৭ অক্টোবর) থেকে সৈয়দপুরে ব্ল্যাক মানির শুটিং শুরু হয়েছে। তার আগে কেমন হবে সিরিজটি সেই অববয়ে একটি পোস্টার প্রকাশিত হয়েছে।
পোস্টারে দেখানো হয়েছে একটি আবদ্ধ ঘর। পুরানো আলমারি, টেবিল। ফ্লোর ভর্তি টাকার বান্ডিল। রয়েছে বস্তা বস্তা টাকা। দেখা যাচ্ছে, চকচকে হাজার টাকার নোট।
যেখানে অভিনয় করছেন নায়ক রুবেল, পূজা চেরী, সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ারসহ অনেকে। আগামী নভেম্বরের শেষে বঙ্গ অ্যাপে প্রিমিয়াম কনটেন্ট হিসেবে ব্ল্যাক মানি মুক্তি পাবে।








