এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হার যেন তাতিয়ে দিয়েছে বার্সেলোনাকে। এরপর থেকে লা লিগায় তারা টানা সাত ম্যাচে জয় তুলেছে। ওসাসুনার বিপক্ষে সবশেষ রীতিমতো একপেশে দাপট দেখিয়েছে। কাতালুনিয়াদের হয়ে জোড়া গোল করেছেন রাফিনহা। রিয়ালকে নিয়ে চিন্তিত নন ব্রাজিলীয় এ ফরোয়ার্ড, নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে ভালো কিছু সম্ভব বলেছেন।
ন্যু ক্যাম্পে শনিবার রাতে ওসাসুনাকে ২-০তে হারিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। শীর্ষের বার্সেলোনা লিগ টেবিলে রিয়ালের সাথে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। এক ম্যাচ বেশি খেলে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা এগিয়ে আছে ৭ পয়েন্টে।
২৯ বর্ষী রাফিনহা বলছেন, ‘নিজেদের উপর মনোযোগ দিতে হবে এবং নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে, অন্যকারো সম্পর্কে চিন্তা করতে হবে না। তাদের (রিয়াল) নিয়ে ভাবতে চাই না। আগের মৌসুমের চেয়ে আমরা ভালো খেলছি এবং যতবেশি পয়েন্ট হবে, তত ভালো।’
১৭ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৪৩। রিয়াল এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্টে দুইয়ে অবস্থান করছে।







