স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করতেও দেখা গেছে।
সোমবার ২৭ জানুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান ও বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। পরে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ভাড়া নেওয়া একাডেমিক ভবন-৩ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।
শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েও দীর্ঘ দিনেও স্থায়ী ক্যাম্পাস না থাকায় তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিদ্রুত ক্যাম্পাস নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দিবে বলেও জানান তারা।








