কাতার বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে এখন পুরো বিশ্ব। শোবিজ অঙ্গনের তারকারাও তাদের প্রিয় দল ও খেলোয়াড় নিয়ে উচ্ছ্বসিত। সম্প্রতি সেই উচ্ছ্বাসে ভাসতে দেখা গেল বলিউড অভিনেত্রী মৌনি রায় এবং তার স্বামী সুরজ নাম্বিয়াকে। তাদের সঙ্গে সেখানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুশি চিল্লার এবং তার বিশেষ বন্ধু তথা প্রেমিক ব্যবসায়ী নিখিল কামাত।
দুদিন আগে কাতারের লুসেইল স্টেডিয়ামে হয়ে যাওয়া আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন মৌনি। সেখানেই খেলার বেশ কিছু শ্বাসরুদ্ধকর মুহূর্তের ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত অভিনেত্রী। একই সঙ্গে তিনি তাদেরও বেশ কিছু ছবি তুলে সেগুলোও পোস্ট করেছেন।
কাতার বিশ্বকাপ খেলায় মৌনি যে আর্জেন্টিনার সাপোর্টার সেটা তার ছবি থেকেই স্পষ্ট। এদিন তারা যে মেসির দলকে সমর্থন করার জন্যই মাঠে গিয়েছিলেন সেটা তার ছবির ক্যাপশন থেকেই জানা গিয়েছে। তিনি লিখেছেন, ‘ভ্যামোস আর্জেন্টিনা।’
এদিন মৌনি এবং সুরজকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যায়, অন্যদিকে মানুশি একটি সাদা রঙের জাম্পস্যুট পরেছিলেন, আর নিখিলের পরনে ছিল একটি কালো টিশার্ট এবং জিন্স।
এর আগে চলমান কাতার বিশ্বকাপে দেখা মিলেছিল নোরা ফাতেহি, আমির খান সহ আরও বেশ কিছু তারকাদের। এবার সেই তালিকাতে যুক্ত হলো মৌনি রায় ও মানুশি চিল্লারের মত তারকারা।
সূত্র: পিঙ্কভিলা







