প্রবাস সংবাদ

নাগরিক ও প্রবাসীদের বৈদ্যুতিক গাড়ি কিনতে বড় অনুদান দিচ্ছে পর্তুগাল

নাগরিক ও প্রবাসীদের বৈদ্যুতিক গাড়ি কিনতে বড় অনুদান দিচ্ছে পর্তুগাল

ছবি : সংগৃহীত

পর্তুগালে বৈদ্যুতিক গাড়ি কিনতে নাগরিক ও প্রবাসীদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন কর্মসূচির আওতায় গাড়ির যোগ্য ক্রয়মূল্যের ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যেতে পারে। অনুদানের সর্বোচ্চ পরিমাণ ১৫ হাজার ইউরো। পুরোনো জ্বালানিচালিত গাড়ি বাতিল করলে মিলবে অতিরিক্ত এক হাজার ইউরো। ২০২৭ সালের শুরুতে কর্মসূচিটি চালু হতে পারে।

জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে এ উদ্যোগ নিচ্ছে পর্তুগাল সরকার।

২০২৭ সালের প্রস্তাবিত রাষ্ট্রীয় বাজেট নিয়ে সংসদীয় আলোচনার সময় পরিবেশ ও জ্বালানিমন্ত্রী মারিয়া দা গ্রাসা কারভালহো সাংবাদিকদের এসব তথ্য জানান।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন গাড়ির পাশাপাশি ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রেও এই সহায়তা পাওয়া যাবে। তবে ব্যবহৃত গাড়ির বয়স পাঁচ বছরের কম হতে হবে। পাশাপাশি অনুমোদিত ডিলারশিপ বা বিক্রেতার কাছ থেকে গাড়ি কিনতে হবে। গাড়ির সর্বোচ্চ যোগ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে ৩৭ হাজার ৫০০ ইউরোর সীমা রাখা হয়েছে।

অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে গাড়ির যোগ্য ক্রয়মূল্যের ভিত্তিতে, ভ্যাট বাদ দিয়ে। এ ক্ষেত্রে নিম্ন আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যারা বিদ্যুতের সামাজিক শুল্কের সুবিধা পান, তারা এই কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন।

এ ছাড়া যেসব পরিবারের বার্ষিক আয় পর্তুগালের জাতীয় মধ্যম আয়ের ৮০ শতাংশের নিচে, অর্থাৎ প্রায় ১১ হাজার ৫৭২ ইউরোর মধ্যে, তারাও সহায়তার আওতায় আসতে পারেন।

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, দেশটির প্রায় ১৫ লাখ পরিবার এই কর্মসূচির সম্ভাব্য আওতায় আসতে পারে। তবে সম্ভাব্য তালিকায় থাকলেই সবাই অনুদান পাবেন, এমন নয়। চূড়ান্ত যোগ্যতা ও অগ্রাধিকার নির্ধারণ করা হবে সরকারি বিধিমালার মাধ্যমে।

কর্মসূচিতে পুরোনো গাড়ি বাতিলের জন্যও বাড়তি সুবিধা রাখা হচ্ছে। কোনো পরিবার তাদের পুরোনো জ্বালানিচালিত গাড়ি ভাঙার জন্য জমা দিলে বৈদ্যুতিক গাড়ি কেনার অনুদানের সঙ্গে অতিরিক্ত এক হাজার ইউরো পেতে পারে। পাশাপাশি বাড়িতে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের জন্যও আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করছে সরকার।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সরাসরি অর্থ ফেরত দেওয়ার পরিবর্তে ভাউচার বা ভর্তুকির কুপন পদ্ধতিতে সহায়তা দেওয়া হতে পারে। যোগ্য পরিবার এসব ভাউচার ব্যবহার করে অংশগ্রহণকারী ডিলারশিপ থেকে গাড়ি কিনতে পারবে। তবে আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ভাউচার পাওয়ার নিয়ম এখনো চূড়ান্ত হয়নি।

সরকারি অনুদানে গাড়ি কিনলে কিছু শর্তও মানতে হবে। অনুদান পাওয়া গাড়ি কমপক্ষে তিন বছর নিজের মালিকানায় রাখতে হবে। এই সময়ের আগে গাড়ি বিক্রি করা যাবে না।

সামাজিক জলবায়ু পরিকল্পনার অর্থায়নে কর্মসূচিটির জন্য প্রাথমিকভাবে ১০৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় ৫ হাজার ৫০০টি বৈদ্যুতিক গাড়ি কেনায় সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় কমিশনের সঙ্গে আলোচনা সফল হলে এই সংখ্যা আরও প্রায় এক হাজার বাড়তে পারে।

শুধু ব্যক্তিগত গাড়ি কেনা নয়, ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্যও আলাদা সহায়তার পরিকল্পনা রয়েছে। এ খাতে ২২৮ মিলিয়ন ইউরো বরাদ্দের মাধ্যমে প্রায় ৯ হাজার ক্ষুদ্র প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৭০০টি বৈদ্যুতিক যানবাহন কেনায় সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।

বিষয়:পর্তুগাল বিদ্যুতের সামাজিক শুল্ক বৈদ্যুতিক গাড়ি কিনতে সরকারি অনুদান সামাজিক জলবায়ু পরিকল্পনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…