বিনোদন

গ্রেপ্তারি পরোয়ানার পর আত্মসমর্পণ করতে আদালতে পরীমনি

চাইবেন জামিন

গ্রেপ্তারি পরোয়ানার পর আত্মসমর্পণ করতে আদালতে পরীমনি

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার আদালত প্রাঙ্গণে পৌঁছান। আদালতের সময় না পাওয়া পর্যন্ত নিজস্ব গাড়িতেই অবস্থান করছেন তিনি।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) সংবাদমাধ্যমকে জানান, আগের দিন বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তিনি। আদালতের সময় পেলেই এজলাসে হাজির হবেন পরীমনি। তার জামিন মঞ্জুর হবে বলে আশা প্রকাশ করেন আইনজীবী।

এর আগে মামলায় হাজির না হওয়ায় পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির আবেদন নাকচ করে আদালত। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি আগামী ২৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।

উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ২০২২ সালের ৬ জুলাই পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে মামলাটি করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৮ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয়। তবে মামলার আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার এজাহারে নাসির উদ্দিনের অভিযোগ, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরীমনি ও তার সহযোগীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরীমনি তার দিকে একটি সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি মাথা ও বুকে আঘাত পান বলে অভিযোগ করেন নাসির উদ্দিন। এ ছাড়া তাকে মারধর, হুমকি ও ক্লাবের ভাঙচুরের অভিযোগও আনা হয়।

বিষয়:আদালত গ্রেপ্তারি পরোয়ানা জামিন পরীমনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…