ভারতীয় চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা’তে অভিনয় করে নজরে এসেছিলেন অভিনেতা শ্রীতেজ। সেই অভিনেতার বিরুদ্ধেই এবার গুরুতর অভিযোগ দায়ের করা হল।
জানা গেছে, বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তিনি এক মহিলার সঙ্গে বহু বছর ধরে সহবাস করে আসছেন। শুধু তাই নয়, সেই মহিলার থেকে তিনি হাতিয়েছেন লক্ষ লক্ষ টাকাও।
এক মহিলা অভিযোগ করে জানিয়েছেন তার সঙ্গে প্রেম করার ভান করেছিলেন শ্রীতেজ। দিয়েছিলেন বিয়ে করার প্রতিশ্রুতিও। আর এই প্রতিশ্রুতিকে হাতিয়ার করে অভিনেতা নিজের ব্যক্তিগত কাজের জন্য তার থেকে ২০ লাখ টাকা নেন। এখনও পর্যন্ত সেই টাকার এক পয়সাও ফেরত দেননি।
শুধু তাই নয়, বর্তমানে অভিনেতা এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন বলেও অভিযোগে জানিয়েছেন সেই নারী। তবে এই প্রথমবার নয়, চলতি বছরের এপ্রিল মাসেও নাকি তিনি অভিনেতার বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তখন শ্রীতেজের পরিবারের তরফে জানানো হয়েছিল যে, তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। সবটা ঠিক করবেন। কিন্তু তেমনটা ঘটেনি বলে সেই মহিলা পুনরায় নতুন করে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশের তরফে জানানো হয়েছে উক্ত অভিনেতা এবং এই মহিলা বিগত কয়েক মাস ধরেই একসঙ্গে থাকছিলেন। তারপর তিনি এই অভিযোগ করেন। তিনি এদিন জিরো এফআইআর দায়ের করেছেন গাছবৌলি থানায়। পরে সেটিকে কুকাতপল্লি থানায় ট্রান্সফার করে দেওয়া হয়। প্রতারণার অভিযোগ সহ বলপূর্বক যৌনতার অভিযোগ দায়ের করা হয়েছে শ্রীতেজে বিরুদ্ধে। আপাতত পুলিশ পুরোদমে এই কেসের তদন্ত চালাচ্ছে বলেই জানানো হয়েছে তাদের তরফে।







