দিলজিতের দিল্লি কনসার্টের নিরাপত্তায় ২ হাজার প্রহরী!

৩০ অক্টোবর দিল্লিতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে প্রথমে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আয়োজকদের সংশোধিত নিরাপত্তা পরিকল্পনা জমা দেওয়ার পর ৩০ অক্টোবরের কনসার্টের অনুমতি দেওয়া হয়েছে।
ভারতীয় পাঞ্জাবি সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের দিল্লি কনসার্ট ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
আগামী ৩০ অক্টোবর নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই কনসার্টে দেড় হাজার থেকে ২ হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েনের সুপারিশ করেছে দিল্লি পুলিশ।
আয়োজকদের প্রাথমিক পরিকল্পনায় ৪০০ জন নিরাপত্তাকর্মী রাখার কথা থাকলেও জনসমাগম নিয়ন্ত্রণে আরও বেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে পুলিশ।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, কনসার্টে আসা দর্শকদের সারি নিয়ন্ত্রণ, নির্ধারিত প্রবেশপথ চিনিয়ে দেওয়া, সহায়তা কেন্দ্রে সহযোগিতা এবং স্টেডিয়ামের আশপাশে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন। প্রায় ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে বিপুলসংখ্যক মানুষের সমাগমের কথা বিবেচনা করে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিরাপত্তার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও বিশেষ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। আয়োজকদের স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত পার্কিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি গাড়ি ভাড়া দেওয়ার পরিসেবা ও নেভিগেশন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রী ওঠানামার স্থান নির্ধারণ এবং যানজট কমানোর উদ্যোগ নিতে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়ামের চারপাশে ৫০০ থেকে ৭০০ মিটার পর্যন্ত এলাকায় যানবাহন চলাচল সীমিত করার বিষয়টি বিবেচনা করছে পুলিশ। প্রস্তাবিত ব্যবস্থায় ওই এলাকায় সাধারণ যানবাহনের প্রবেশ বন্ধ রেখে শুধু শিল্পী বহনকারী গাড়ি এবং অনুষ্ঠানের জন্য বিশেষ অনুমোদনপ্রাপ্ত যানবাহন চলাচলের সুযোগ রাখা হতে পারে।
এর আগে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগ দেখিয়ে কনসার্টটির অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল দিল্লি পুলিশ। দক্ষিণ জেলার উপকমিশনারের কার্যালয় টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুকমাইশোকে জানায়, ৩০ অক্টোবরের অনুষ্ঠান আয়োজনের আবেদন মঞ্জুর করা সম্ভব হচ্ছে না। চলমান উৎসবের মৌসুমে দিল্লির বিভিন্ন এলাকায় জনসমাগম বৃদ্ধি এবং পুলিশের অতিরিক্ত দায়িত্বের বিষয়টিও এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়।
পরে আয়োজকদের সঙ্গে পুলিশের বৈঠক হয়। বুকমাইশো বৈঠকটিকে ‘সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক’ বলে উল্লেখ করে। কর্তৃপক্ষের উদ্বেগ বিবেচনায় নিয়ে আয়োজকেরা সংশোধিত নিরাপত্তা পরিকল্পনা জমা দেন। এরপর বিষয়টি পুনর্বিবেচনা করে কনসার্টের অনুমতি দেওয়া হয়।
দিলজিৎ দোসাঞ্জের ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর সূচনা হবে দিল্লির এই কনসার্টের মধ্য দিয়ে। নিরাপত্তা, যানবাহন চলাচল এবং দর্শক ব্যবস্থাপনায় বাড়তি প্রস্তুতির মধ্য দিয়ে নির্ধারিত সময়েই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।






