‘আরও বড় কিছু হওয়ার দৌড়ে ভুলে যাই কত কিছু পেয়েছি’
জন্মদিনে নিজের যে উপলব্ধির কথা জানালেন অভিনেতা তৌসিফ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নানা ধরনের নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের জন্যও পরিচিত এই অভিনেতা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তার জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিনে পাওয়া এক বন্ধুর শুভেচ্ছাবার্তা থেকেই নিজের জীবন, স্বপ্ন ও প্রাপ্তি নিয়ে নতুন করে ভাবনার কথা জানিয়েছেন তৌসিফ।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তৌসিফ লিখেছেন, ‘আজ আমার জন্মদিনে কাছের এক বন্ধু শুভেচ্ছা জানিয়ে লিখেছে, “তুমি যেন তোমার স্বপ্নের চেয়েও বড় হতে পারো।”’
বন্ধুর এই কথাটি তাকে ভাবিয়েছে নিজের স্বপ্ন নিয়ে। তৌসিফের ভাষ্যে, ‘কথাটা পড়ে ভাবতে শুরু করলাম, আমার স্বপ্নগুলো আসলে কী? স্বপ্নের চেয়েও বড় হওয়ার মানে কী? আমি কি আদৌ যথেষ্ট বড় স্বপ্ন দেখছি?’
এই ভাবনা থেকেই নিজের জীবনের প্রাপ্তি নিয়ে উপলব্ধির কথা তুলে ধরেছেন অভিনেতা। তিনি মনে করেন, আরও বড় কিছু হওয়ার আকাঙ্ক্ষায় ছুটতে গিয়ে মানুষ অনেক সময় ভুলে যায়, ইতোমধ্যে কতটা পথ পেরিয়ে এসেছে, কত কিছু অর্জন করেছে।
তৌসিফ লিখেছেন, ‘ভাবতে ভাবতে একটা উপলব্ধি হলো, আমি আজ এমন একটা জীবন যাপন করছি, যে জীবনের স্বপ্ন হয়তো লক্ষ লক্ষ মানুষ দেখে। আরও বড় কিছু হওয়ার দৌড়ে আমরা অনেক সময় ভুলে যাই, আমরা ইতোমধ্যে কতটা পথ পেরিয়ে এসেছি, কত কিছু পেয়েছি।’
জন্মদিনে তাই নতুন করে কিছু চাওয়ার আগে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেতা। নিজেকে নিজের মতো করে গড়ে ওঠার সুযোগ, মাটির কাছাকাছি থাকার মানসিকতা এবং পরিবার, ভক্ত ও সহকর্মীদের পাশে দাঁড়ানোর সামর্থ্য দেওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সবশেষে তৌসিফ লিখেছেন, ‘আজ তাই নতুন করে কিছু চাওয়ার আগে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। আমাকে আমি হয়ে উঠতে দেওয়ার জন্য, আমার পা দুটো মাটিতে রাখার তৌফিক দেওয়ার জন্য, আর আমার পরিবার, ভক্ত ও সহকর্মীদের পাশে দাঁড়ানোর সামর্থ্য দেওয়ার জন্য।’






