বিনোদন

‘আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, সরকারকে কটাক্ষ নাসিরুদ্দিনের

‘আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, সরকারকে কটাক্ষ নাসিরুদ্দিনের

ভারতের ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে আবারও আলোচনায় এসেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

নিজেকে ‘দিমাগি নকশাল’ (বুদ্ধিবৃত্তিক নকশাল) আখ্যা দিয়ে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), জামিয়া মিলিয়া ইসলামিয়া ও সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

একই সঙ্গে সংবাদমাধ্যমের একাংশ ও বিজেপির তথ্যপ্রযুক্তি সেলেরও সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে নাসিরুদ্দিন শাহ বলেন, সরকারের সমালোচকদের ‘দেশবিরোধী’ ও ‘টুকরে টুকরে গ্যাং’-এর সদস্য বলে আখ্যা দেওয়া হয়। এসব তকমা নিয়ে উদ্বেগ প্রকাশের পরিবর্তে তিনি নিজেকে ‘বুদ্ধিবৃত্তিক নকশাল’ হিসেবে পরিচয় দেন।

অভিনেতার অভিযোগ, দেশের তরুণদের মনোবল ভেঙে দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ক্ষমতাসীনদের এমন কর্মকাণ্ড আর কত দূর পর্যন্ত গড়াবে।

জেএনইউ, এসআরএফটিআই ও জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে শাহ বলেন, একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এসব ঘটনা মনে রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদমাধ্যমের একাংশকে ‘গদি মিডিয়া’ বলে কটাক্ষ করে নাসিরুদ্দিন শাহ তাদের বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য প্রচারের অভিযোগ তোলেন। বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের সদস্যদেরও সমালোচনা করেন তিনি। তার বক্তব্যে সরকারের সমর্থক ও সমালোচকদের মধ্যে চলমান রাজনৈতিক বিতর্কের বিষয়টি উঠে আসে।

এর আগেও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন নাসিরুদ্দিন শাহ। কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার পর শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করলে তাদের প্রতি সমর্থন জানান অভিনেতা।

এ ছাড়া জাতীয় যোগ্যতা নির্ধারণী পরীক্ষা (নিট) ২০২৬-এ কথিত অনিয়মের অভিযোগ ঘিরে আন্দোলন মোকাবিলায় সরকারের ভূমিকারও সমালোচনা করেছিলেন তিনি।

সর্বশেষ ভিডিওতে নাসিরুদ্দিন শাহর বক্তব্যে শিক্ষার্থীদের প্রতিবাদ, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে। দ্য স্টেটসম্যান

বিষয়:অভিনেতা নকশাল নাসিরুদ্দিন শাহ বিজেপি বুদ্ধিবৃত্তিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…