শিরোপা জিতে এনরিকের মেয়ের প্রতি ‘সম্মান’ জানাল পিএসজি সমর্থকেরা

পিএসজি ফুটবল দলের সমর্থকদের দ্বারা ধারণ করা বিশাল পতাকা, যেখানে খেলোয়াড় ও সমর্থকদের ছবি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন। ফ্রান্সের তারকা উইঙ্গার ডিজায়ার দুয়ের দুর্দান্ত পারফরম্যান্সে ৫-০ গোলে জিতেছে ফরাসিরা। এ জয়ের পর পিএসজির কোচ লুইস এনরিকের মেয়ের প্রতি সম্মান জানিয়েছে দলটির সমর্থকেরা।
পিএসজি শিরোপা উঁচিয়ে ধরার পর সমর্থকের মাঝে বিশাল এক ব্যানার দেখা যায়। সেখানে ছিল এনরিকের মারা যাওয়া নয় বছরের মেয়ে জানার ছবি। ২০১৯ সালে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল স্প্যানিশ কোচের মেয়ে।
ব্যানারে দেখা গেছে এনরিকে প্যারিস সেইন্ট জার্মেইনের পতাকা পুতছেন এবং তার মেয়ে পাশে পিএসজির জার্সি গায়ে দাঁড়িয়ে আছেন। সেখানে বড় করে লেখা রয়েছে, ‘আমরা চ্যাম্পিয়ন।’ সমর্থকদের এমন সম্মানে এনরিকের চোখে পানি দেখা গেছে।
ইন্টারের বিপক্ষে ৫-০ গোলে জিতে ইতিহাস তৈরি করেছে পিএসজি। ইউরোপীয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এর আগে এত গোলের দেখা পায়নি কোনো দল। ২০১৯-২০ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছিল এমবাপে-নেইমাররা।






