পিএসজিতে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কাইলিয়ান এমবাপের। ফরাসি জায়ান্টদের মৌসুম পূর্ব সফরে রাখা হয়নি তারকা ফরোয়ার্ডকে। মূল দলের সঙ্গে না থাকলেও অবশ্য অনুশীলনে দেখা গেছে। ক্লাবটির ‘রিজার্ভ দলের’ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছেন এমবাপে।
মঙ্গলবার প্যারিসে অনুশীলনে দেখা যায় বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে। সঙ্গে ছিলেন মিডফিল্ডার জর্জিনহো ও লিয়ান্দ্রো পারেদেস। মূলত পিএসজি কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ পরিকল্পনায় যেসব খেলোয়াড়দের রাখা হয়নি, তাদের সঙ্গেই অনুশীলন করেছেন এমবাপে।
মৌসুম পূর্ব প্রস্তুতি নিতে জাপানে আছে পিএসজি। দল থেকে বাদ পড়ায় এমবাপে রয়ে গেছেন প্যারিসেই। ২০২৪ সাল পর্যন্ত লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি রয়েছে তার। চুক্তি নবায়নে অনাগ্রহ দেখিয়ে চলেছেন। সে কারণেই দল থেকে বাদ দেয়া হয়েছে বলে আলোচনা।
এরআগে এমবাপের বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। জানিয়েছেন, চুক্তি নবায়ন না করলে গ্রীষ্মের দলবদলেই ক্লাব ছাড়তে হবে এমবাপেকে। সেক্ষেত্রে বড় অঙ্কের মূল্য পরিশোধ করতে হবে ফরাসি তারকাকে দলে টানতে আগ্রহী ক্লাবকে।
এদিকে এমবাপেকে দলে টানতে সৌদি ক্লাব আল হিলাল ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে পিএসজিকে। ফরাসি জায়ান্টরা এমন প্রস্তাব গ্রহণও করেছে বলে খবর ফ্রেঞ্চ গণমাধ্যমে।







