লিগ ওয়ানে দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হল পিএসজি। অ্যাঙ্গার্সকে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতে নিয়েছে ফরাসি ক্লাবটি। টানা চতুর্থবার ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব ধরে রাখল তারা।
পার্ক দে প্রিন্সেসে শনিবার অ্যাঙ্গার্সের বিপক্ষে ১-০তে জিতেছে লুইস এনরিকের দল। পিএসজির জয়সূচক গোলটি করেছেন ডেসিরে ডুয়ে।
ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সবমিলিয়ে ত্রয়োদশবার শিরোপা জিতল পিএসজি। দশটির বেশি শিরোপা নেই আর কারও। সবশেষ ১৩ আসরের ১১টিতে শিরোপা জিতেছে তারা।
বলের দখল ৮২ শতাংশ সময় নিজেদের কাছে রেখে গোলের জন্য ২০টি শট নেয় পিএসজি। বিপরীতে কেবল ৫টি শট নিতে পারে প্রতিপক্ষ।
জয়ে ২৮ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেল পিএসজি। দুই নম্বরে থাকা মোনাকোর চেয়ে ২৪ পয়েন্টে এগিয়ে তারা।








