মিথিলার পর মাহির মাথায় মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায়। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে মঞ্চে ছিল টানটান উত্তেজনা। নাম ঘোষণা হতেই আবেগাপ্লুত হয়ে বুকের ওপর হাত রাখেন মাহি। এরপর গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন, যার কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও।
ছোটপর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাস তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন,“বাবা মা আমাকে বলেছে ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।”
তানজিয়া জামান মিথিলার পর এবার ‘মিস ইউনিভার্স’ বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক মঞ্চে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন দেশের দর্শকরা।






