ফিলিস্তিনের গাজার রাফাহ অঞ্চলে একটি সুড়ঙ্গে ৬ জিম্মির মরদেহ উদ্ধার হওয়ার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে এসেছেন এবং গাজায় আরও ছয় বন্দিকে মৃত অবস্থায় পাওয়ার পর ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও ধর্মঘটের ডাক দিয়েছে।
জানা যায়, জিম্মিদের মুক্ত করে দ্রুত ইসরায়েলে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। নিহত জিম্মিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেন।
অন্যদিকে, পশ্চিম তীরে এক ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সেখানকার বাসিন্দারা খাদ্য, পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট ছাড়াই জীবনযাপন করছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন করা উচিত।
গত বছরের ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০ হাজার ৭শ’৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।








