বেশ লম্বা সময় ধরেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বাহিরে বলিউড ও হলিউড খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যদিও মাঝে বেশ কিছু প্রজেক্টে যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছিল প্রিয়াঙ্কার। তবে এবার শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির আসন্ন অ্যাকশন প্রজেক্টে যুক্ত হবেন প্রিয়াঙ্কা।
হিন্দুস্তান টাইমসকে এক সূত্র জানিয়েছে, এই মুহূর্তে বেশ কয়েকটি স্ক্রিপ্ট রয়েছে অভিনেত্রীর হাতে। অভিনেত্রী নিজেও বর্তমানে ভারতে, তার মাঝেই একটি প্রজেক্টের ফাইনাল কথা বলার জন্য পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গেও দেখা করেন দেশি গার্ল।
ভারতীয় সংবাদ মাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, ‘প্রিয়াঙ্কার ভারত সফর পুরোটাই কাজের ভিত্তিতে। মুম্বাইয়ের ইভেন্টে যোগদানের পাশাপাশি, তার বেশ কিছু কাজও রয়েছে। ব্যাক টু ব্যাক মিটিংও করছেন তিনি’। আরও জানা গেছে, প্রিয়াঙ্কার একটি প্রোডাকশন হাউসও আছে। সেদিকেই কিছু করার জন্য মনযোগ দিচ্ছে তিনি। নিজের ব্যানারে পরবর্তী তিন থেকে চারটি প্রোজেক্ট চূড়ান্ত করার জন্য লোকের সঙ্গে দেখাও করছেন।
সূত্র আরও জানিয়েছে, ‘অভিনেত্রী জানেন, তার পরবর্তী হিন্দি প্রজেক্ট ঘিরে নানা কৌতুহল রয়েছে। তবে তিনি শিগগির একটি প্রজেক্ট চূড়ান্ত করার কথা ভাবছেন তিনি। বেশ কয়েকটি স্ক্রিপ্টও পড়েছেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য একাধিক পরিচালকের সঙ্গে দেখাও করছেন। এমনকী সঞ্জয় লীলা বানসা্লির সঙ্গে তিনি দেখা করেছেন একটি অ্যাকশন প্রজেক্টে কাজ করার জন্য। প্রজেক্টের বিষয়বস্তুও বেশ ভালো লেগেছে তার। প্রজেক্ট পছন্দ হয়েছে, টাইমলাইন, সময়সূচী এবং পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে এখন বানসালির সঙ্গে আলোচনা করছেন’।
এদিকে বছর তিনেক আগে বলিউডে নিজের কামব্যাক প্রজেক্ট হিসাবে ‘জি লে জারা’কে বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। ২০২১ সালে ফারহান আখতার তিন কন্যা নিয়ে রোড ট্রিপের এই ছবি ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল লিড রোলে অভিনয় করবেন আলিয়া, ক্যাটরিনা এবং প্রিয়াঙ্কা। কিন্তু এরপর একের পর এক কারণে পিছিয়েছে ছবির কাজ। পরবর্তীতে প্রিয়াঙ্কাও সেই প্রজেক্ট থেকে সরে যান। যদিও দুদিন আগে ফারহান আখতারের সঙ্গেও দেখা করেন প্রিয়াঙ্কা। তারপর থেকেই আবার জল্পনা তবে কি ‘জি লে জারা’র কাজ অবশেষে শুরু হবে? আগামি দিনেই সেই ছবিটা স্পষ্ট হবে।- নিউজ ১৮








