ডি-৮ দেশগুলোর যৌথ উদ্যোগ ও সহজ জলবায়ু অর্থায়নের প্রস্তাব বাংলাদেশের

ছবি: সংগৃহীত
জলবায়ু ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদানভিত্তিক ও সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু মোকাবিলায় ডি-৮ সদস্যদেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা ও যৌথ উদ্যোগ জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত ডি-৮ মন্ত্রী পর্যায়ের জলবায়ু অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

বৈঠকে জলবায়ু ও পরিবেশবিষয়ক সহযোগিতার জন্য প্রস্তাবিত আনতালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় বাংলাদেশের সংশোধনী উপস্থাপন করেন তিনি। এতে যৌথ জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জলবায়ু উদ্যোগের কথাও তুলে ধরেন ড. সাইমুম পারভেজ। এসব উদ্যোগের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করা, খাল পুনরুদ্ধার, উপকূল সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। এ ছাড়া জলবায়ু সহনশীল কৃষি, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ও চক্রাকার অর্থনীতির প্রসারকে বাংলাদেশের অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে ডি-৮ পরিবেশ ও জলবায়ু সহযোগিতা প্ল্যাটফর্ম কার্যকর করা, সদস্যদেশগুলোর বিশেষজ্ঞদের নিয়ে কারিগরি কর্মদল গঠন এবং ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নযোগ্য ও ফলাফলভিত্তিক রোডম্যাপ তৈরির প্রস্তাব দেওয়া হয়। এতে স্থানীয় নেতৃত্বে জলবায়ু অভিযোজন, পানি ব্যবস্থাপনা, দুর্যোগের আগাম সতর্কীকরণ, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
অর্থায়নের ক্ষেত্রে দেশীয় অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প প্রস্তুত এবং অভিযোজন কার্যক্রমে অনুদান ও অত্যন্ত সহজ শর্তের অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেয় বাংলাদেশ। পাশাপাশি স্থানীয় প্রযুক্তির প্রসার, লিঙ্গসমতা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রস্তাবও তুলে ধরা হয়।
বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য উৎপাদন কমানো, উৎসে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ বাড়ানোর আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে কম্পোস্ট, বায়োগ্যাস ও বর্জ্য থেকে উপকরণ পুনরুদ্ধারে যৌথ পরীক্ষামূলক প্রকল্প নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি জনস্বাস্থ্য, নিঃসরণ নিয়ন্ত্রণ ও অনানুষ্ঠানিক বর্জ্যকর্মীদের জীবিকার সুরক্ষা নিশ্চিত করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ের কথাও বলা হয়।
প্রস্তাবগুলো বাস্তবায়নে ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে কারিগরি কর্মদলে সদস্যদেশগুলোর প্রতিনিধি মনোনয়ন এবং একই বছরের প্রথম প্রান্তিকে কর্মদলের প্রথম বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া সহযোগিতা প্ল্যাটফর্মের কার্যপরিচালনা কাঠামো ও খসড়া রোডম্যাপ সদস্যদেশগুলোর বিবেচনা ও অনুমোদনের জন্য উপস্থাপনের কথা বলা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কপ৩১ সম্মেলন-পরবর্তী সময়েও জলবায়ু সহযোগিতা অব্যাহত রাখতে হবে। কার্যকর অর্থায়ন, যৌথ উদ্যোগ ও পরিমাপযোগ্য ফলাফলের মাধ্যমে জলবায়ু প্রতিশ্রুতিকে মানুষের জীবনে বাস্তব পরিবর্তনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ।






