বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন তিনি।

তিন দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে সম্মেলনের মূল ভেন্যুতে যোগ দেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারী নেতাদের মধ্যে ছিলেন ওআইসির মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।

এদিকে, সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান করা জরুরি।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে সম্ভাবনা যাচাই করে দেখতে চায় বাংলাদেশ। সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বের করে ইতিবাচক পরিণতির দিকে এগিয়ে যেতে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানান, এবারের কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক পরিসরে পাট ও অন্যান্য পচনশীল পরিবেশবান্ধব পণ্যের প্রচারেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্মেলনস্থলে বাংলাদেশের একটি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তুরস্ক সফরে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের বিশ্বনেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হচ্ছে।

বিষয়:কপ-৩১ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ সরকারি সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…