স্পেন ও পর্তুগালে ভয়াবহ বিদ্যুৎবিভ্রাটে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনেও, বিশেষ করে ফুটবল অঙ্গনে চ্যাম্পিয়ন্স লিগের বার্সেলোনা-ইন্টার মিলানের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিদ্যুৎবিভ্রাটের কারণে স্পেনজুড়ে ট্রেন চলাচল, বিমান যাত্রা এবং হাসপাতালসহ জরুরি সেবাসমূহ গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতিতে ইতালির ক্লাব ইন্টার মিলানের নির্ধারিত মঙ্গলবার বিকেলে স্পেনে পৌঁছানোর পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে।
বার্সেলোনার মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মুখোমুখি হওয়ার কথা বার্সা-ইন্টারের। চলতি বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে ম্যাচ নির্ধারিত সময়ে মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ক্রীড়াঙ্গনের আরেকটি এক বড় ইভেন্ট, মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টেও পড়েছে প্রভাব। গ্রেগর দিমিত্রোভ ও জ্যাকব ফার্নলির মধ্যকার একটি ম্যাচ দ্বিতীয় সেটের মাঝপথে স্থগিত হয়ে যায় এবং পরে পুরোদিনের খেলাই বাতিল ঘোষণা করে আয়োজকরা।
এর আগে, বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সোমবার উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে সুইজারল্যান্ডের নিয়নে যাওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতার কারণে দুপুরের আগে যাত্রা শুরু করতে পারেননি।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এখনও আনুষ্ঠানিকভাবে ম্যাচ নিয়ে কিছু ঘোষণা করেনি। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, সংস্থাটি জানিয়েছে।







