কেন অনুশীলন না করে হোটেলে রোনালদো, বৈঠকের পর কী হল

নরওয়ের বিপক্ষে ম্যাচে না খেলানোয় কোচ হোর্হে জেসাসের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর মনোমালিন্যের খবর বেরিয়েছে। ২-১ গোলে জয়ের পর দলের উদযাপনে মাঠে নামেননি সিআর সেভেন। বেঞ্চে বসে ছিলেন। সেখান থেকে চলে যান ড্রেসিংরুমে। ডেনমার্ক ম্যাচের আগে দলীয় অনুশীলনেও অংশ নেননি। তবে জেসাস ও রোনালদোর সম্পর্ক নিয়ে তৈরি হওয়া উত্তেজনা আপাতত কিছুটা কমেছে।
পর্তুগালের একাধিক সংবাদমাধ্যমে দাবি, চলমান বিতর্কের মধ্যে মঙ্গলবার রাতে দুজনের মধ্যে বৈঠক হয়েছে। সেই আলোচনার পর পরিস্থিতি আগের চেয়ে শান্ত হয়েছে।
সঙ্গে খবর, নেশনস লিগে বৃহস্পতিবার রাতে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচ সামনে রেখে সুইডেনের মালমোয় ক্যাম্প করছে পর্তুগাল। সুইডিশ ক্লাব মালমোর এলেদা স্টেডিয়ামে পর্তুগালের অনুশীলন শুরুর আধাঘণ্টা আগে মাঠে ঢুকে একাই কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন রোনালদো। কিছুপর মাঠ ছেড়ে টিম হোটেলে ফিরে যান, সেখানে জিমে নিজের নির্দিষ্ট অনুশীলন করেন।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানিয়েছে, রোনালদোর প্রয়োজনীয় কিছু নির্দিষ্ট শারীরিক অনুশীলনের জন্য যেধরনের জিম সরঞ্জাম দরকার, এলোদা স্টেডিয়ামে তা ছিল না। তাই হোটেলে ফিরে অনুশীলন করেন। রোনালদোর কোন শারীরিক সমস্যার কথাও জানায়নি এফপিএফ।
অনুশীলন শেষে রোনালদোর সঙ্গে কথোপকথন নিয়ে জেসাসকে প্রশ্ন করা হলে বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রতিদিন, প্রতি মিনিটেই কথা বলি।’
এরমধ্যেই পর্তুগিজ সংবাদমাধ্যমে খবর হয়, মঙ্গলবার রাতে রোনালদো ও জেসাসের মধ্যে জরুরি বৈঠক হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কেতো’ জানিয়েছে, নরওয়ের বিপক্ষে রোনালদোকে অন্তত ৩০ মিনিট খেলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন জেসাস। কিন্তু শেষপর্যন্ত তাকে মাঠে না নামিয়ে শুধু ওয়ার্মআপ করানোয় ক্ষুব্ধ হন রোনালদো। এরপর দুজনের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়।
সংকট পুরোপুরি শেষ হয়েছে কিনা তা অবশ্য নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা কোপেনহেগেন সফর এগিয়ে এনেছেন। বুধবার জেসাস ও রোনালদোর সঙ্গে আলাদাভাবে কথা বলে পুরো ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছেন তিনি।






