জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, প্যারিসে সংঘর্ষ

ছবি: সংগৃহীত
ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে রাজধানী প্যারিসে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে গার দু নর্ড রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্যারিসে আগুন জ্বালানোর সরঞ্জাম নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। অন্যদিকে, মার্সেইয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে ছবিতে দেখা যায়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং স্কুলসহ বিভিন্ন সরকারি পরিষেবার মান কমে যাওয়ার প্রতিবাদে এ আন্দোলনে নেমেছেন হাজার হাজার মানুষ। ট্রেড ইউনিয়নের সদস্য, শিক্ষার্থী ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরা এতে যোগ দিয়েছেন।
এক হাইস্কুল শিক্ষার্থী রয়টার্সকে বলেন, ‘এটি বিভিন্ন দাবি এবং বিভিন্ন সামাজিক শ্রেণির মানুষের এক ধরনের সমন্বয়।’
২০১৮ সালে ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল ‘ইয়েলো ভেস্ট’ গোষ্ঠী। এক বছরেরও বেশি সময় ধরে চলা সেই আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বিক্ষোভেও গোষ্ঠীটি অন্যতম প্রধান সংগঠক হিসেবে ভূমিকা রাখছে।
আন্দোলনকারীদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার ফ্রান্সজুড়ে শত শত বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়েছে। এসব কর্মসূচিতে সমর্থন জানাতে কৃষক, শ্রমিক, জলবায়ু আন্দোলনের কর্মী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষাব্যবস্থার নানা সমস্যা নিয়ে ফ্রান্সজুড়ে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এসব কর্মসূচিতেও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুর দিকে সংঘর্ষের মধ্যে বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি পরিষেবার মান নিয়ে অসন্তোষ এবং বিভিন্ন সামাজিক দাবিকে কেন্দ্র করে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভ নতুন করে উত্তেজনা তৈরি করেছে।





