অন্যান্য

মল অব আমেরিকায় হামলার ছক, এফবিআইয়ের গোপন অভিযানে গ্রেপ্তার তরুণ

মল অব আমেরিকায় হামলার ছক, এফবিআইয়ের গোপন অভিযানে গ্রেপ্তার তরুণ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রায় দুই বছর ধরে নজরদারি চালানোর পর হামলার জন্য ব্যবহৃত একটি একে-৪৭ রাইফেল ও ২০০ রাউন্ড গুলি সহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে এফবিআই। মঙ্গলবার রিচফিল্ডের একটি পার্ক থেকে শেখদুন আবদুল্লাহি মোহামুদকে গ্রেপ্তার করা হয়।

এফবিআই জানিয়েছে, সংস্থার এক গোপন এজেন্টকে ইসলামিক স্টেটের সদস্য পরিচয় দিয়ে তার কাছে অস্ত্র ও গুলি বিক্রি করতে বলা মোহামুদ ৬০০ ডলার দিয়ে অস্ত্রগুলো নেওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

মার্কিন অ্যাটর্নি ড্যানিয়েল রোজেন বলেন, মোহামুদ উগ্রপন্থায় জড়িয়ে পড়েছিল এবং তার ওপর নজর রাখা হচ্ছিল। হামলার পরিকল্পনা বাস্তবায়নের আগেই হুমকিটি শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে মোহামুদের ওপর নজর রাখছিল এফবিআই। ওই সময় তিনি এক গোপন তথ্যদাতার সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান শুরু করেন।

অভিযোগে বলা হয়েছে, শুরুতে সোমালিয়ায় গিয়ে আল-শাবাবের হয়ে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছিলেন মোহামুদ। পরে সেখানে যাওয়ার খরচ জোগাড় করতে না পেরে যুক্তরাষ্ট্রেই হামলার পরিকল্পনা করেন তিনি।

এফবিআইয়ের এজেন্টের হলফনামায় বলা হয়েছে, মল অব আমেরিকায় অমুসলিমদের হত্যা করার ইচ্ছার কথা একাধিকবার জানিয়েছেন মোহামুদ। আগামী ২৪ অক্টোবর মলটিতে হমং সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ওই দিন হামলার পরিকল্পনা করেছিলেন তিনি।

তথ্যদাতা তাকে হামলার বিষয়ে নিশ্চিত কি না জানতে চাইলে মোহামুদ ‘হ্যাঁ, আমি ১০০ শতাংশ নিশ্চিত’ বলে জবাব দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। হামলা চালিয়ে ৩০ থেকে ৬০ জনকে হত্যার কথা তিনি বলেছিলেন বলেও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

অভিযোগপত্রে আরও বলা হয়, সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলার প্রতি মোহামুদের আগ্রহ ছিল। সোমালিয়ায় গিয়ে সশস্ত্র গোষ্ঠীর হয়ে লড়াই করার বিষয়েও তার আগ্রহের কথা উঠে এসেছে।

২০২৫ সালের মে মাসে এফবিআই কর্মকর্তারা মোহামুদের বাড়িতে গিয়েছিলেন। সে সময় তার মা জানান, ছেলে স্কুল থেকে তখনও ফেরেনি। তার বাবা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি এবং আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করবেন বলে জানিয়েছিলেন।

বুধবার (৭ অক্টোবর) সেন্ট পলের ফেডারেল আদালতে মোহামুদের প্রাথমিক শুনানি হয়। কারাগারের হলুদ পোশাক পরা অবস্থায় আদালতে হাজির হন তিনি। বিচারককে তিনি জানান, তার কোনো চাকরি নেই। নিজের বাড়ি বা গাড়িও নেই এবং ব্যাংকে কোনো অর্থ নেই।

মোহামুদের পক্ষে আদালতে ছিলেন ফেডারেল পাবলিক ডিফেন্ডার সিরি কার্লসন ম্যাকডাওয়েল। শুনানি শেষে তিনি ও মোহামুদের স্বজনেরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মার্কিন অ্যাটর্নি রোজেন জানিয়েছেন, মোহামুদ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী নাগরিক এবং তার পারিবারিক শিকড় সোমালিয়ায়। মিনেসোটায় সোমালি বংশোদ্ভূত বিপুলসংখ্যক মানুষ বসবাস করেন। গত কয়েক বছরে তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

বিষয়:একে-৪৭ রাইফেল এফবিআই মল অব আমেরিকা শেখদুন আবদুল্লাহি মোহামুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…