রানখরা বিশ্বকাপেও টেনে এনেছেন দিনেশ কার্তিক। ব্যাটে রান পেতে যখন ধুঁকছেন, তখন উইকেটরক্ষক-ব্যাটারের মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে চোট। পিঠের চোট এতটাই তীব্র হয়েছে যে, সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার মাঝেই মাঠ ছাড়তে হয়েছে। ৩৭ বর্ষী এবার শঙ্কায় বাংলাদেশের বিপক্ষেও।
কার্তিকের চোটের যে অবস্থা তাতে সাকিব আল হাসানের দলের বিপক্ষে নামার সম্ভাবনা অল্পই। বাজে ফর্মের কারণে অবশ্য এমনিতেই বাদ পড়ার শঙ্কায় আছেন। অফিসিয়ালি তার চোটের ব্যাপারে এখনও কিছু জানায়নি ভারতের টিম ম্যানেজমেন্ট।
রোববার পার্থে সাউথ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হারার পর ভারতের পেসার ভূবনেশ্বর কুমার জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত হয়তো তাকে পাচ্ছে না। রোহিত শর্মার দল অপেক্ষা করছে ফিজিওর রিপোর্টের।
ভূবি বলেছেন, ‘তার পিঠের কিছুটা চোট রয়েছে। খেলা শেষে তার সঙ্গে দেখা করি নাই। তবে হোটেলে ফেরার সময় কথা বলব। আমরা ফিজিও রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’
প্রোটিয়াদের ১৩৪ রানে লক্ষ্য দেয়া ম্যাচে ব্যাট হাতে ধুঁকেছেন কার্তিক। সূর্যকুমার যাদবের সঙ্গে ৫২ রানের জুটিতে করেছেন মাত্র ৬ রান, খেলেছেন ১৫ বল। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছিলেন খোলস আবৃত। আসরে উইকেটের পেছনে চার ক্যাচ এবং ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন সবে ৬ রান।
প্রোটিয়াদের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভার শেষে ব্যথায় কুঁকড়ে যান কার্তিক। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। কয়েক মিনিট পর পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। বদলে উইকেটের পেছনে দাঁড়ান একাদশের বাইরে থাকা রিশভ পান্ট। অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষেও পান্টের হাতেই গ্লাভস তুলে দিতে পারে ভারত।







