অ্যাশেজে প্রথম দুই টেস্টে জয়ের সঙ্গী ছিলেন না নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ভারপ্রাপ্ত ছিলেন স্টিভেন স্মিথ। অ্যাডিলেড ওভালে তৃতীয় টেস্টে দায়িত্বে ফিরছেন কামিন্স। এদিকে দ্বিতীয় টেস্টে পাওয়া পায়ের চোটে চলতি অ্যাশেজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার আরেক পেসার জশ হ্যাজেলউড।
১৭ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নামবে অস্ট্রেলিয়া। হ্যাজেলউড টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। অ্যাডিলেডে ওপেনার উসমান খাজাকে অবশ্য পুরো ফিট পাচ্ছে স্বাগতিকরা।
অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘কামিন্স চোট সেরে পুরোপুরি প্রস্তুত। অপ্রত্যাশিত কিছু না ঘটলে তিনি নেতৃত্ব দেবেন। হ্যামস্ট্রিং চোটের পর পায়ের অ্যাকিলিস সমস্যায় পড়েছেন জশ, তাকে অ্যাশেজে আর না পাওয়া সত্যিই হতাশাজনক।’
খাজাকে নিয়ে কোচ বলেছেন, ‘খাজাকে অ্যাডিলেডে পুরো ফিট অবস্থায় পাবো। প্রথম দুই টেস্টে ওপেনিংয়ে তার বদলি ট্রাভিস হেড ভালো করেছেন। অবশ্য নির্বাচকরা মিডলঅর্ডারে ব্যাট করানোর বিষয়ে ভাবছেন।’
স্বাগতিকরা পার্থ ও ব্রিসবেনে দুই টেস্টেই ৮ উইকেটে জিতে ২-০তে এগিয়ে আছে। ১৫ ডিসেম্বর ওভালে তৃতীয় টেস্টের জন্য ১৫ জনের দল জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগেই নিশ্চিত হয়েছে কামিন্সের ফেরার খবর।







