আজ ইরানের তাবরিজ শহরে অনুষ্ঠিত হয় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র প্রথম জানাজা। জানাজায় অংশ নিতে তাবরিজের রাস্তায় দেখা গেছে মানুষের ঢল।
বিবিসি জানিয়েছে, আজ ২১ মে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের তাবরিজ শহরে অনুষ্ঠিত হয় ইব্রাহিম রাইসি’র প্রথম জানাজা। অনুষ্ঠান সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল।
অনুষ্ঠানে যোগদানকারী উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি তিনি বলেছেন, যে এই ঘটনা অন্য কোনো দেশে ঘটলে, ভবিষ্যত অন্ধকার হয়ে যেত।
তিনি আরও বলেন, তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান এই অন্ধকার সময় সুচারুভাবে অতিক্রম করতে পারবে।
তাবরিজ শহরে প্রথম জানাজার পর রাইসির মরদেহ নিয়ে যাওয়া হবে পূর্ব আজারবাইজান প্রদেশের কোম শহরে। সেখানে স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। তেহরানের জানাজায় অংশ নেবেন আয়াতুল্লাহ আলি খামেনি। ওইদিন আরও বেশি মানুষের ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে।







