আন্তর্জাতিক

ইরানি হামলার আশঙ্কা: প্রায় দুই সপ্তাহ ধরে সেনা ঘাঁটিতে থাকছেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানি হামলার আশঙ্কা: প্রায় দুই সপ্তাহ ধরে সেনা ঘাঁটিতে থাকছেন মার্কিন অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত।

ইরানের হামলার আশঙ্কায় প্রায় দুই সপ্তাহ ধরে নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির বরাতে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায় বেসেন্টের ব্যক্তিগত বাসভবন। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ ডলারে বিলাসবহুল বাড়িটি কেনেন তিনি। ওই সময় বাড়িটির আকাশ থেকে তোলা একটি ছবি প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি প্রকাশের পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান তার বাসভবনের অবস্থান শনাক্ত করেছে। এরপর সম্ভাব্য হামলা এড়াতে তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

সিএনবিসিকে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরানের সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষা দিতেই অর্থমন্ত্রীকে সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হুমকি বাড়তে থাকায় এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

তবে বেসেন্ট কোন সামরিক ঘাঁটিতে রয়েছেন, তা প্রকাশ করা হয়নি। নিরাপত্তার স্বার্থে তার সেখানে অবস্থানের সুনির্দিষ্ট সময়কালও জানানো হয়নি।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। গত ২৪ আগস্ট শুরু হওয়া এ অভিযানের আওতায় সামরিক পদক্ষেপের পাশাপাশি নিষেধাজ্ঞা ও বিভিন্ন আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।

ট্রেজারি বিভাগের এক মুখপাত্র সিএনবিসিকে বলেছেন, ইরানি শাসকদের হুমকিতে বেসেন্ট পিছু হটবেন না। অর্থনৈতিক অভিযান বাস্তবায়ন এবং ইরানের ওপর অবরোধ বজায় রাখার বিষয়ে তিনি দৃঢ় অবস্থানে রয়েছেন। এসব পদক্ষেপের সম্মিলিত প্রভাবে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন ওই মুখপাত্র।

বিষয়:ইরান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…