ইউপি নির্বাচন নিয়ে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

ছবি: সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিন ধরে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠকও করবে কমিশন।
ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার জানান, এবার সংলাপে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করবেন।
গত ১২ অক্টোবর কমিশন সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি নির্বাচনের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করা হবে।
তিনি বলেন, ‘নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন।’
এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ইউপি নির্বাচনের তফসিল কমিশন ঘোষণা করবে না। জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন কোন কোন সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সময়সীমা নির্ধারণ করে দেবে।
ইসির ঘোষণা অনুযায়ী, এবার নির্দলীয়ভাবে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
এদিকে হালনাগাদ ভোটার তালিকা আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত করা হবে। এই তালিকায় যাদের নাম থাকবে, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।





