তরুণদের মাঠমুখী করতে ডিএনসিসি ফুটবল টুর্নামেন্ট

রাজধানীর তরুণদের মাঠে ফেরাতে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে এ টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের বিভাগে ২০টি দল অংশ নেবে। চারটি মাঠে একযোগে শুরু হবে খেলা।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। জমকালো অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগর উন্নয়নের পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতেও গুরুত্ব দিচ্ছে ডিএনসিসি।
তিনি বলেন, ‘ডিএনসিসির দায়িত্ব শুধু রাস্তাঘাট নির্মাণ, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, মশকনিধন কিংবা সবুজায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘খালি জায়গা দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করা হচ্ছে। বিভিন্ন মাঠ সংস্কার করে খেলার উপযোগী করা হয়েছে।’
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘বর্তমান সরকারের খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ার নীতির আলোকে মাঠগুলো আরও কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। তরুণরা যেন খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবেও নিতে পারে, সেই সুযোগ তৈরি করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে তারা যেন নিজের ও পরিবারের জন্য আয় করতে পারে, সেটিও লক্ষ্য।’
তিনি জানান, টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান বিশিষ্ট ব্যক্তিরা।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘অতীতে ডিএনসিসি কাপ থেকে অনেক ফুটবলার জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। ভবিষ্যতেও এ আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।’
বিসিবি সভাপতি তামিম ইকবাল টুর্নামেন্টের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাফল্যের সম্ভাবনা বাড়বে।’
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ সিটিতেও মেয়র কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফুটবলকে আবারও সাধারণ মানুষের প্রাণের খেলায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ছেলেদের বিভাগে অংশ নেবে ১০টি দল। দলগুলো হলো- উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ী রোভার্স, দক্ষিণ খান ডমিনেটর্স, উত্তর খান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স।
মেয়েদের বিভাগেও খেলবে ১০টি দল। দলগুলো হলো উত্তরা কুইন্স, মিরপুর রয়্যাল কুইন্স, মহাখালী মার্ভেলস এফসি, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ী ভ্যালকিরাইজ, দক্ষিণ খান ডেশার্স, উত্তর খান টাইগ্রেস, ভাটারা ভর্টেক্স ও বাড্ডা লাইটনিং।



