স্বাস্থ্য

হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু

হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু

সংগৃহীত

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও নয়জন মারা গেছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে নয়জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছে। এর আগে, গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জন মারা গিয়েছিল।

সব মিলিয়ে, গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছালো ১ হাজার ২৪৭ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এছাড়া, নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। নতুন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

উল্লেখ্য, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে এক হাজার ৬৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

বিষয়:মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাম হামের উপসর্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…