বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার-ব্যাটার মীর বেলায়েত হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার প্রয়াণের কথা নিশ্চিত করেছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। তিনি জাতীয় দল ছাড়া ক্লাব পর্যায়ে খেলেছেন এবং বিসিবির ম্যাচ রেফারি ছিলেন।
বেলায়েত হোসেন বুধবার সন্ধ্যায় ময়মনসিংহে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭৯ সালে আইসিসি ট্রফিতে খেলেছেন। সাবেক উইকেটকিপার-ব্যাটার দেশের ক্রিকেটাঙ্গনের একজন সম্মুখসারির তারকা।
আবাহনী, কালাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেছেন। ময়মনসিংহ জেলার হয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। খেলোয়াড়ি জীবন পার করে ক্রিকেটের সঙ্গ ছাড়েননি, যুক্ত ছিলেন বিসিবির পক্ষ থেকে ম্যাচ রেফারি হিসেবে। তিনি ৭৯টি প্রথম শ্রেণির, ৮১টি লিস্ট-এ এবং ১টি লিস্ট-এ টি-টুয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। বিসিবির একজন আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ এবং তার অবদান স্মরণীয় করে পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছে বিসিবি।







