যান্ত্রিক ত্রুটির কারণে দুদিন ধরে দুবাই এয়ারপোর্টে গ্রাউন্ডেড হয়ে আছে বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার এয়ারক্রাফট। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানের যাত্রীরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা থেকে সিলেট হয়ে বিমানের দুবাই ফ্লাইট বিজি-২৪৮ রাতে দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করে। তবে ঐ ফ্লাইটটি দুবাই থেকে যাত্রী নিয়ে আর আকাশে উড়তে পারেনি।
দুবাই থেকে বিমানের এই এয়ারক্রাফটির ফিরতি ফ্লাইট ছিল রাত ২টা ৫ মিনিটে। বুধবার দুপুরে সিলেট হয়ে ঢাকায় আসার কথা ছিল। তবে দুবাই থেকে উড়ার করার সময় পাইলটের কাছে এয়ারক্রাফটের ব্রেকের সমস্যা ধরা পরে। ত্রুটি না সারায় ফ্লাইটটি দুবাই এয়ারপোর্টে গ্রাউন্ডেড করে রাখা হয়েছে।
ঢাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাই ফ্লাইটে যন্ত্রাংশ এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার পাঠানো হবে বলে জানা গেছে। যন্ত্রাংশ পৌঁছানোর পর এয়ারক্রাফটটির যান্ত্রিক ত্রুটি ঠিক করে আবার উড়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ফ্লাইট দু’দিনের বেশি দেরি হতে পারে।
এই বিমানের যাত্রী এবং ক্রুদের হোটেলে রাখা হয়েছে। তবে ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ এবং শিশুরা। গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন রুটে বিমানের এয়ারক্রাফটে চাকা ফাটাসহ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে।









