প্যারিস অলিম্পিকে বক্সিং ইভেন্টে সোনা জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হতে থাকেন আলজেরিয়ার ইমানে খেলিফ। ক্ষুব্ধ হয়ে তিনি মামলাও করেন। সেই মামলার আসামির নাম প্রকাশ করেছেন খেলিফের আইনজীবী।
খেলিফের আইনজীবী নাবিল বুদি জানান, ফরাসি কর্তৃপক্ষের কাছে দায়ের করা ফৌজদারি মামলায় রয়েছে ব্রিটিশ লেখক ও সমাজসেবী জে কে রাউলিং এবং এক্সের মালিক ইলন মাস্কের নাম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’য়ে ইমানে খেলিফ ইস্যু নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিংসহ অনেকে।
গেমসে নারী বক্সিং ইভেন্টে খেলিফের বিপক্ষে ম্যাচ শুরুর ৪৬ সেকেন্ডের মধ্যে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন অ্যাঞ্জেলা কারিনি। সেসময় কান্নায় ভেঙে পড়েন ইতালিয়ান বক্সার। গতবছর বক্সিংয়ের বিশ্ব নারী চ্যাম্পিয়নশিপে জেন্ডার এলিজিবিলিটি টেস্টে বাদ পড়েছিলেন খেলিফ।
এরপরও তাকে অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ দেয়ার পর বিতর্ক ওঠে। অনেকেই তাকে ‘পুরুষ’ বলে অভিযোগ তোলেন এবং মেয়েদের ইভেন্টে তার খেলার প্রতিবাদ জানান। যদিও খেলিফ, তার পরিবার এবং অলিম্পিক কর্তৃপক্ষ বারবার সে দাবিকে ‘মিথ্যা’ বলে বলেছে।







