খুলনা

নিজের বক্তব্যের ভুল উপস্থাপনে অসন্তুষ্ট কেসিসি প্রশাসক মঞ্জু, ডিআইজির কাজের প্রশংসা

নিজের বক্তব্যের ভুল উপস্থাপনে অসন্তুষ্ট কেসিসি প্রশাসক মঞ্জু, ডিআইজির কাজের প্রশংসা

খুলনার মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা ও নেতিবাচক উপস্থাপনে অসন্তোষ জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ করে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছেন তিনি।

একই সঙ্গে ডিআইজির অতীত কর্মদক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার প্রশংসা করে বলেছেন, নতুন কর্মস্থলে দায়িত্ব বুঝে নেওয়ার পর তিনি আরও ভালো করবেন বলে আশা করছেন।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কেসিসি প্রশাসক।

সম্প্রতি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম মঞ্জুর দেওয়া বক্তব্যের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশ করে একটি সংবাদমাধ্যম। ‘খুলনায় নীরব চাঁদাবাজির ভয়াবহ বিস্তার, জিম্মি ব্যবসায়ী ও সাধারণ মানুষ: কেসিসি প্রশাসক মঞ্জু’ শিরোনামের ওই প্রতিবেদনে নগরীর চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। এতে খুলনা রেঞ্জের ডিআইজির নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি উঠে আসে।

তবে নিজের বক্তব্যের এমন উপস্থাপনায় আপত্তি জানিয়েছেন মঞ্জু। তাঁর দাবি, তিনি খুলনা মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সেখানে খুলনা রেঞ্জের ডিআইজিকে জড়িয়ে যেভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মঞ্জু বলেন, খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনারের দায়িত্ব ও কর্মপরিধি আলাদা। মহানগর এলাকার অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত কেএমপির। এ ক্ষেত্রে রেঞ্জ ডিআইজিকে জড়িয়ে বক্তব্য উপস্থাপন করা ঠিক হয়নি। বিষয়টি যথাযথভাবে না বুঝে সংবাদে ডিআইজিকে যুক্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের সাম্প্রতিক কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চাইলে কেসিসি প্রশাসক বলেন, ‘উনি ভালো কাজ করছেন, সামনে আরও ভালো কাজ করবেন বলে ধারণা করা যাচ্ছে।’

ডিআইজি রেজাউল করিমের অতীত কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মঞ্জু বলেন, পুলিশের অপারেশন বিভাগের দায়িত্ব পালনের সময় তিনি সুনাম অর্জন করেছেন। নতুন কর্মস্থলে দায়িত্ব বুঝে নিয়ে কাজ গুছিয়ে উঠতে পারলে আরও ভালো করবেন বলে তিনি মনে করেন।

একই সঙ্গে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন কেসিসি প্রশাসক। তাঁর মতে, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতাও প্রয়োজন।

চাঁদাবাজি ও হামলা নিয়ে উদ্বেগ
এর আগে খুলনা মহানগর এলাকায় চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নজরুল ইসলাম মঞ্জু। তাঁর বক্তব্যে হাসপাতাল, ক্লিনিক, সেবাকেন্দ্র, রেস্টুরেন্ট, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ উঠে আসে।

তিনি অভিযোগ করেন, নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। কোচিং সেন্টারগুলোতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চিকিৎসক ও ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। এমনকি নিরাপত্তাহীনতার কারণে অনেকে ফোন খোলা রাখতেও ভয় পাচ্ছেন। দোকানে দোকানেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) খুলনায় পাঠানোর আহ্বান জানিয়েছিলেন কেসিসি প্রশাসক। তাঁর প্রস্তাব ছিল, কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের সঙ্গে বসে পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে কঠোর পদক্ষেপ নেবেন।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

তবে পরবর্তী সময়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মঞ্জু স্পষ্ট করেছেন, মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার উদ্বেগকে খুলনা রেঞ্জের ডিআইজির ভূমিকার সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। বরং ডিআইজি রেজাউল করিমের কাজের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার প্রতি আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিষয়:খুলনা সিটি করপোরেশন ডিআইজি রেজাউল করিম প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…