কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি) মেয়েদের ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে ড্রোন উড়িয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বরখাস্ত করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে তাকে সরিয়ে দেয়ার প্রেক্ষিতে সহকারী কোচ অ্যান্ডি স্পেন্স টুর্নামেন্টের বাকি অংশে দলটির দায়িত্বে থাকবেন।
কানাডা দলের এক সহকারী কোচ এবং এক বিশ্লেষককে গুপ্তচরবৃত্তির দায়ে অলিম্পিক থেকে আগেই দেশে ফেরত পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে সেন্ট-এতিয়েনে নিউজিল্যান্ডের অনুশীলন সেশনে একটি ড্রোন ওড়ানোর জন্য ফরাসি কর্তৃপক্ষ এক সদস্যকে আটক করেছিল। পরে জানা যায়, প্রতিপক্ষের অনুশীলন সম্পর্কে গোপনে জানার জন্য কানাডা দল ড্রোন ওড়ানোর পরিকল্পনায় জড়িত।
সিওসি কানাডা সকারের সিইও এবং সেক্রেটারি কেভিন ব্লু’র বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, ‘২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের আগেও প্রতিপক্ষের বিপক্ষে ড্রোন ব্যবহারের বিষয়ে অতিরিক্ত তথ্য আমাদের নজরে এসেছে। প্রিস্টম্যানকে টুর্নামেন্টের শেষ না হওয়া এবং সংগঠনের স্বাধীন পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত করা হল।’
ড্রোন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া অলিম্পিকে মেয়েদের ফুটবল ইভেন্টে বর্তমান স্বর্ণজয়ী কানাডা প্রথম ম্যাচে ২-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় খেলায় তারা স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে লড়বে।
অনুশীলন সেশনে ড্রোন ওড়ানোর ঘটনার পর ক্ষমা চেয়ে প্রধান কোচ বেভ প্রিস্টম্যান বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ডাগআউটে না থাকার ঘোষণা দিয়েছিলেন। টিম হোটেলে বসে দলের ম্যাচ উপভোগ করলেও তিনি ঘটনায় জড়িত থাকার দায়ে বরখাস্তই হলেন।







