রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর ঘরের মাঠেও ধারাবাহিক বাংলাদেশ। মিরপুরে ১০৪ রানে জয়, সিলেটে ৭৮ রানে জয়, সফরকারীদের ফের হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার্স। চলতি টেস্ট চক্রে নিজেদের প্রথম ৪ ম্যাচের মধ্যে দুটিতে জিতল নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের স্বপ্ন এখন আরও বড়, চাওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের সঙ্গে বেশি বেশি টেস্ট খেলা।
বুধবার সিলেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বললেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোই। কারণ আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাবো, নতুন অভিজ্ঞতাগুলো যখন আমাদের হবে, তখন দল আস্তে আস্তে গড়ে উঠবে।’
আইসিসি দলগুলোর সাথে বাংলাদেশের বেশি ম্যাচ দেবে, আশা শান্তর। বলেছেন, ‘আশা থাকবে, আইসিসি বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দেবে। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের সাথেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমার দলের জন্য।’
সবশেষ দুই টেস্টই পঞ্চম দিন পর্যন্ত খেলেছে বাংলাদেশ। দুটিতেই জয়। ঘরের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ। শান্ত বললেন, আরও উন্নতির দরকার আছে।
‘এই জায়গায় আরও একটু উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও শান্ত থাকে। কিন্তু এই জায়গাটাতে উন্নতি হয়েছে। তাই এই জায়গা থেকে খুশি অধিনায়ক হিসেবে। আর সামগ্রিকভাবে হ্যাঁ, ১০ দিনই দুটি টেস্ট ম্যাচে খেলতে পেরেছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার।’
‘পেসাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি। আমাদের দারুণ জুটি হচ্ছে। টেলএন্ডাররাও অবদান রাখছে। আমরা এসব জায়গায় উন্নতি চেয়েছিলাম, আশা করি ধরে রাখতে পারব।’







