মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দণ্ড সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণের কিস্তি সময়মতো পরিশোধ না হলে সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আদায় করতে পারবে ব্যাংকগুলো। এতদিন এ হার ছিল ১ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করা, উৎপাদনশীলতা বাড়ানো এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর লক্ষ্যেই দণ্ড সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এ জন্য ২০২৪ সালের ৮ মে জারি করা আগের সার্কুলারের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণ বা ঋণের কিস্তি আংশিক বা সম্পূর্ণ মেয়াদোত্তীর্ণ (ওভারডিউ) হলে চলমান ও তলবি ঋণের ক্ষেত্রে পুরো ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে কেবল মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে।
এর আগে একই ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করতে পারত।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে এবং নতুন এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’–এর ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।







