বিনোদন

এআই ব্যবহারে আপত্তি, অ্যামাজনের সঙ্গে কাজ করতে চান না নিকোলাস কেজ

এআই ব্যবহারে আপত্তি, অ্যামাজনের সঙ্গে কাজ করতে চান না নিকোলাস কেজ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে মতবিরোধের কারণে অ্যামাজনের সঙ্গে ভবিষ্যতে আর কাজ না করার ইঙ্গিত দিয়েছেন হলিউড অভিনেতা নিকোলাস কেজ। ‘স্পাইডার-নোয়ার’ সিরিজে এআই ব্যবহারের অনুমতিসংক্রান্ত একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি তিনি। এ কারণে অ্যামাজনের সঙ্গে তাঁর কাজের পথ কঠিন হতে পারে বলে জানিয়েছেন অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার নিউইয়র্ক কমিক কনে ‘স্পাইডার-নোয়ার’ সিরিজে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন কেজ। এ সময় অ্যামাজনের এআই ব্যবহারের নীতি নিয়ে নিজের আপত্তির কথা জানান তিনি।

কেজ বলেন, অ্যামাজন এআই ব্যবহারে অত্যন্ত আগ্রহী। তবে তিনি এআই ব্যবহারের পক্ষে নন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাদের দলের কেউ নই।’ এআই ব্যবহারের সম্মতিপত্রে স্বাক্ষর না করায় ভবিষ্যতে ওই স্টুডিওর সঙ্গে আর কাজ না-ও হতে পারে বলে জানান তিনি। তবে এতে তাঁর কোনো সমস্যা নেই বলেও উল্লেখ করেন অভিনেতা।

অ্যামাজন প্রাইম ভিডিওর ‘স্পাইডার-নোয়ার’-এর প্রথম সিজনে অভিনয় করেন নিকোলাস কেজ। সমালোচকদের প্রশংসা ও দর্শকদের ইতিবাচক সাড়া পেলেও প্রথম সিজনের পর সিরিজটি বাতিল করা হয়।

সিরিজটি বাতিলের কয়েক দিনের মধ্যে ২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসে একাধিক পুরস্কার জেতে। এর মধ্যে ছিল স্টান্ট সমন্বয়, সাউন্ড এডিটিং, টাইটেল ডিজাইন, বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টস ও সিনেমাটোগ্রাফির মতো বিভাগ।

কমিক কনে কেজ আরও জানান, তিনি বরং জেন-জি প্রজন্মের পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী। বিশেষ করে যারা নিজের হাতে কাজ তৈরি করেন এবং প্রচলিত ধারার বাইরে গিয়ে সৃজনশীলতার নতুন পথ খোঁজেন।

এআইয়ের ব্যবহার নিয়ে বিনোদনশিল্পে চলমান বিতর্কের মধ্যে কেজের এই অবস্থান আবারও সামনে এনেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: প্রযুক্তির ব্যবহার বাড়লেও সৃজনশীল কাজে মানুষের নিজস্ব ভূমিকা কতটা অক্ষুণ্ণ থাকবে?

বিষয়:অ্যামাজন প্রাইম ভিডিও এমি অ্যাওয়ার্ড নিকোলাস কেজ সিরিজ স্পাইডার নোয়ার হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…